শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

‘একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায়’

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে একটি রাজনৈতিক দল নারীদের স্বাধীনতাকে সীমিত করতে চাচ্ছে। সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনায় নির্বাচনী প্রচারণার সময় তিনি এ মন্তব্য করেন।

‘একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায়’
খুলনায় নির্বাচনী প্রচারণায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: বিএনপি মিডিয়া সেল

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে একটি রাজনৈতিক দল নারীদের স্বাধীনতাকে সীমিত করতে চাচ্ছে। সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনায় নির্বাচনী প্রচারণার সময় তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, “সরকার গঠন করলে আমাদের প্রথম কাজ হবে দেশ পুনর্গঠন। এর জন্য সব মানুষকে, দল-বিশেষ নির্বিশেষে, একসাথে কাজ করতে হবে। শুধুমাত্র এক ধরনের মানুষকে সামনে রেখে দেশ গড়া সম্ভব নয়। দেশের ২০ কোটি জনসংখ্যার অর্ধেক নারী। তাদের উপেক্ষা করে যত পরিকল্পনা নিন, দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। এজন্যই খালেদা জিয়া উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন।”

তিনি আরও বলেন, “একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায়। দলের এক নেতা প্রকাশ্যেই বলেছেন, তারা নারী নেতৃত্বকে কখনোই বিশ্বাস করে না। তিনি কর্মজীবী নারীদের নিয়ে যে ভাষা ব্যবহার করেছেন, তা দেশের জন্য কলঙ্কের বিষয়। নারীরা সংসারের জন্য কাজ করেন; গার্মেন্টস খাতে ৫০ লাখ নারী কাজ করছেন। ওই নেতা স্পষ্টভাবে নারীদের অসম্মান করেছেন।”

সমাবেশে তিনি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা (রা.)-কে স্মরণ করে বলেন, “দেখা যাচ্ছে, একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায়। অথচ আমাদের নবীর স্ত্রী বিবি খাদিজা ছিলেন কর্মমুখী ও সফল ব্যবসায়ী।”

তারেক রহমান আরও বলেন, “যে দলের নেতা নারীদের এভাবে অসম্মান করতে পারে, সেই দলের ক্ষমতায় আসলে নারীদের কীভাবে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করবে তা কল্পনাও করা যায় না। এরই প্রমাণ ১৯৭১ সালের ঘটনা, যখন লাখ লাখ মা-বোনকে সেই দলের পূর্বসূরীরা অপদস্ত করেছিল। যাদের কাছে মানুষের মর্যাদা নেই, তাদের হাতে দেশ কখনোই নিরাপদ হতে পারে না।”