ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন আরজু আহমাদ।
শুক্রবার (৩ এপ্রিল) দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের হোয়াটসঅ্যাপে তিনি নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড প্রোফাইল থেকেও বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, আরজু আহমাদ এনসিপির অন্যতম প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। পদত্যাগের আগ পর্যন্ত তিনি দলের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সেল এবং ধর্ম ও সম্প্রীতি সেলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
নিজের সিদ্ধান্তের বিষয়ে আরজু আহমাদ সংবাদমাধ্যমকে জানান, পদত্যাগের পেছনে কোনো রাজনৈতিক ক্ষোভ বা দলের প্রতি অসন্তুষ্টি নেই। মূলত ব্যক্তিগত ব্যস্ততার কারণে বর্তমানে দলকে পর্যাপ্ত সময় দিতে পারছেন না বলেই তিনি সরে দাঁড়িয়েছেন। তিনি আরও বলেন, দলের প্রতি সবসময় শুভকামনা থাকবে এবং ভবিষ্যতে এনসিপি সঠিক ও সুস্থ ধারার রাজনীতি চর্চা করে এগিয়ে যাবে—এমনটাই তাঁর প্রত্যাশা। আপাতত ব্যক্তিগত সীমাবদ্ধতার কারণে রাজনৈতিক কর্মকাণ্ডে সময় দেওয়া সম্ভব হচ্ছে না বলেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।