মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপনকে কেন্দ্র করে ভয়াবহ হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক কর্মী। গাজীপুরে প্রকাশ্যে তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও ঘটনাটি এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুর নগরের জোগিতলা এলাকায় এই ঘটনা ঘটে। হামলার শিকার এনসিপি কর্মীর নাম হাবিব চৌধুরী (২৫)। তিনি গাজীপুর মহানগরের বাসন থানার মুগর খাল (৭১ গলি) এলাকায় বসবাস করেন। তাঁর গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ব্রাহ্মণ বাউগা গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হাবিব চৌধুরী তাঁর একটি পুরোনো মোটরসাইকেল বিক্রির জন্য অনলাইনে বিজ্ঞাপন দেন। সেই সূত্র ধরে দুই ব্যক্তি ক্রেতা সেজে তাঁর সঙ্গে যোগাযোগ করে। নির্ধারিত সময় অনুযায়ী দুপুর সাড়ে ১২টার দিকে তারা জোগিতলা এলাকায় হাবিবের সঙ্গে দেখা করেন। কথাবার্তার একপর্যায়ে মোটরসাইকেলটি পরীক্ষা করার কথা বলে একজন সেটিতে ওঠেন। ঠিক তখনই সঙ্গে থাকা অপর ব্যক্তি হঠাৎ হাবিব চৌধুরীকে লক্ষ্য করে পরপর দুটি গুলি ছোড়েন। তবে গুলি তাঁকে স্পর্শ না করায় তিনি প্রাণে বেঁচে যান। এরপর দুর্বৃত্তরা মোটরসাইকেলটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে হাবিব চৌধুরী বলেন,
‘মোটরসাইকেল কেনার কথা বলে তারা আমার সঙ্গে দেখা করে। টেস্ট করার কথা বলেই একজন উঠে পড়ে এবং অন্যজন আমাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সৌভাগ্যক্রমে গুলি লাগেনি। কানের পাশ দিয়ে চলে গেছে।’
ঘটনার পর এনসিপির কেন্দ্রীয় নেতা আলী নাছের ফেসবুক লাইভে এসে তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি বলেন,
‘জুলাই যোদ্ধা এবং এনসিপির একজন সাহসী নেতা হাবিব চৌধুরী। মূলত তাকে ট্র্যাপ সাজিয়ে গুলি করা হয়। শহীদ ওসমান হাদিকে যেভাবে হত্যা করা হয়েছে, আজ তাকেও একইভাবে হত্যার চেষ্টা করা হচ্ছিল। এটা খুবই এলামিং। জুলাই গণ–অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে, তারা কেউই নিরাপদ নয়। রাষ্ট্র নিরাপত্তা দিচ্ছে না। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা ১২ ঘণ্টার সময় দিচ্ছি। এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের আইনের আওতায় আনতে হবে।’
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার তাহেরুল হক চৌহান প্রথম আলোকে বলেন,
‘ঘটনাটি মোটরসাইকেল কেনাবেচা নিয়ে হয়েছে। তিনি (হাবিব) অল্পের জন্য গুলিবিদ্ধ হননি। আমরা দুর্বৃত্তদের ধরতে এরই মধ্যে অভিযান শুরু করেছি। আশা করছি, দ্রুত তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।’
ঘটনাটি ঘিরে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্তে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।