শুক্রবার, 27 নভেম্বর 2026
সকল বিভাগ

ইতালি যাওয়ার পথে নিখোঁজ সাগর, ১০ মাসেও মেলেনি সন্ধান

ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন মাদারীপুরের তরুণ সাগর মিয়া (২০)। কিন্তু ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার আগেই তাঁর সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গত ১০ মাস ধরে তাঁর কোনো সন্ধান নেই। এর মধ্যে লিবিয়ার একটি বন্দিশালা থেকে মুক্ত করে দেওয়ার কথা বলে পরিবারের কাছ থেকে নেওয়া হয়েছে আরও ৯ লাখ টাকা। এখন ছেলের সন্ধানের পাশাপাশি জড়িত দালালদের বিচার দাবি করছেন সাগরের স্বজনেরা।

ইতালি যাওয়ার পথে নিখোঁজ সাগর, ১০ মাসেও মেলেনি সন্ধান

ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন মাদারীপুরের তরুণ সাগর মিয়া (২০)। কিন্তু ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার আগেই তাঁর সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গত ১০ মাস ধরে তাঁর কোনো সন্ধান নেই। এর মধ্যে লিবিয়ার একটি বন্দিশালা থেকে মুক্ত করে দেওয়ার কথা বলে পরিবারের কাছ থেকে নেওয়া হয়েছে আরও ৯ লাখ টাকা। এখন ছেলের সন্ধানের পাশাপাশি জড়িত দালালদের বিচার দাবি করছেন সাগরের স্বজনেরা।

সাগর মাদারীপুর সদর উপজেলার খোঁয়াজপুর ইউনিয়নের পখিরা এলাকার কৃষক খবির মোল্লার ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার বড়। গত বছরের ১৩ নভেম্বর থেকে তাঁর খোঁজ মিলছে না।

সাগরের সন্ধান চেয়ে তাঁর মা বেলাতুননেছা প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে লিখিত আবেদন করেছেন। একই সঙ্গে মানব পাচারের অভিযোগে পাঁচজনকে আসামি করে মাদারীপুর আদালতের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন তিনি।

আবেদন ও মামলার নথি থেকে জানা যায়, মাদারীপুর শহরের সৈদারবালী এলাকার স্থানীয় দালাল নামজুল ব্যাপারীর প্রলোভনে পড়ে ইতালি যাওয়ার সিদ্ধান্ত নেন সাগর। ২৩ লাখ টাকার বিনিময়ে তাঁকে সরাসরি ইতালি পৌঁছে দেওয়ার চুক্তি করে দালাল চক্রটি।

চুক্তি অনুযায়ী, ২০২৫ সালের ২ নভেম্বর মোট টাকার এক-তৃতীয়াংশ পরিশোধ করে সাগরের পরিবার। এর পরদিন ৩ নভেম্বর তাঁকে বিমানে সৌদি আরব নেওয়া হয়। সেখানে দুই দিন রাখার পর মিসর হয়ে তাঁকে লিবিয়ায় নিয়ে যাওয়া হয়। পরে বাংলাদেশি দালাল চক্র তাঁকে লিবিয়ার একটি বন্দিশালায় নিয়ে যায়।

পরিবারের কাছ থেকে চুক্তির ২৩ লাখ টাকা নেওয়ার পর ১৫ নভেম্বর রাতে সাগরকে লিবিয়ার উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পাঠানোর উদ্দেশ্যে একটি নৌকায় তুলে দেওয়া হয়।

এরপর দালালরা পরিবারকে জানায়, কিছুদূর যাওয়ার পর নৌকাটি লিবিয়ার সন্ত্রাসীদের হাতে আটক হয়েছে। সাগরকে মুক্ত করতে পরিবারের কাছে ২০ লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে দেরি হওয়ায় তাঁর ওপর নির্যাতন চালানো হয় বলেও পরিবারের অভিযোগ।

পরে বাংলাদেশি আরেক দালাল গোলাম মওলার (৪৮) মাধ্যমে সাগরের মুক্তির জন্য ৯ লাখ টাকা পরিশোধ করে তাঁর পরিবার। কিন্তু ওই টাকা দেওয়ার পরও সাগরের কোনো সন্ধান দিতে পারেনি দালাল চক্রটি।

গত ১০ মাস ধরে দালালদের কাছে বারবার ধরনা দিয়েও সন্তানের কোনো খোঁজ না পেয়ে শেষ পর্যন্ত আইনি পদক্ষেপ নেন বেলাতুননেছা। গত ৪ জানুয়ারি মাদারীপুর আদালতের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে পাঁচজনকে আসামি করে মামলা করেন তিনি।

সন্তানের সন্ধান চেয়ে বেলাতুননেছা প্রথম আলোকে বলেন, ‘বাঁইচা থাকলে ছেলে তো যোগাযোগ করত। ছেলেকে ফিরাইয়া দেওয়ার কথা কইয়া দালালে ধাপে ধাপে ৩২ লাখ টাকা নিছে। দালাল খালি আশা দিচ্ছে। তারা (দালাল) এখনো কয় না আমার ছেলে নাই? আমার ছেলে আর নাই, এটা বুঝতে পারতাছি। আমার বাঁচতে কষ্ট হচ্ছে। জমিজমা সব শেষ, ভিটেমাটি ছাড়া হয়ে পড়েছি।’

মামলা করার পরও দালালদের পক্ষ থেকে হয়রানি ও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর ভাষায়, ‘মামলা দিয়েছি, চালাতে পারতাছি না। মামলা তুলে নিতে দাদালরা হুমকি দিচ্ছে। আমি বিচার চাই, ছেলেকে ফেরত চাই। আমার ছেলেরে ওরা কী করেছে, সেটা জানতে চাই। আমার সোনার টুকরা বাবার সন্ধান চাই। ওই আমার ভরসা।’

স্থানীয়ভাবে নামজুল ব্যাপারী দালাল হিসেবে পরিচিত হলেও অনুসন্ধানে জানা গেছে, তিনি মূলত শিবচর উপজেলার মির্জারচর সিপাইকান্দি এলাকার ইসমাইল ব্যাপারীর ছেলে গোলাম মওলার হয়ে কাজ করেন। গোলাম মওলাকে মানব পাচার চক্রের সক্রিয় সদস্যদের একজন হিসেবে উল্লেখ করা হয়েছে। তাঁর অধীনে শিবচরসহ পুরো জেলায় অন্তত ১০ জন সহকারী রয়েছে বলে জানা গেছে। তাঁরা অর্থ সংগ্রহের পাশাপাশি গ্রামের মানুষকে বিদেশে পাঠানোর নানা প্রলোভন দেখান।

গোলাম মওলা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেলেও চক্রটির সদস্যরা এখনো ধরাছোঁয়ার বাইরে বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে গোলাম মওলার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। তবে নামজুল ব্যাপারী নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘আমি কোনো দালালি করি না। এগুলো আমার নামে মিথ্যা অভিযোগ।’

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘সাগরের মা তাঁর সন্তানের সন্ধান চেয়ে যে মামলাটি আদালতে করেছেন, সেটি সদর থানার পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে। এ ঘটনায় এক আসামিকেও ধরা হয়েছিল। বাকি আসামিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’