পটুয়াখালীর মহিপুরে মো. ইব্রাহিম নামে ছাত্রশিবিরের এক দায়িত্বশীল নেতা সংগঠন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি মহিপুর থানা শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। শনিবার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক বার্তার মাধ্যমে তিনি সংগঠনটির সকল স্তরের কার্যক্রম থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
ফেসবুক পোস্টে ইব্রাহিম জানান, ব্যক্তিগত জীবন ও বর্তমান পারিপার্শ্বিক পরিস্থিতি বিচার-বিশ্লেষণ করেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বিশ্বাস করেন, দেশ ও জনগণের সেবা কিংবা নৈতিক কাজ করার জন্য কোনো বিশেষ রাজনৈতিক প্ল্যাটফর্মের প্রয়োজন নেই; একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবেও সামাজিক উন্নয়নে অবদান রাখা সম্ভব।
ভবিষ্যৎ পথচলা নিয়ে তিনি স্পষ্ট করেন যে, আপাতত নতুন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়ার কোনো পরিকল্পনা তার নেই। বরং এখন থেকে নিজের পেশাগত উন্নয়ন, পারিবারিক শান্তি ও ব্যক্তিগত জীবনকেই সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে চান তিনি। ঢাকা মেইলের সঙ্গে আলাপকালে তিনি জানান, বর্তমান বাস্তবতায় সংগঠনের ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলেই তিনি এই ব্যক্তিগত সিদ্ধান্তটি নিয়েছেন।
এই বিষয়ে মহিপুর থানা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ আল জোবায়ের (সিফাত মুসুল্লি) জানান, পারিবারিক ব্যস্ততার কারণে ইব্রাহিম সংগঠনের কাজে প্রয়োজনীয় সময় দিতে হিমশিম খাচ্ছিলেন। সার্বিক আলোচনার পরিপ্রেক্ষিতেই তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি কে এম তামিম হোসাইন দীর্ঘ সময় সংগঠনের সঙ্গে ইব্রাহিমের সম্পৃক্ততার কথা উল্লেখ করে বলেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সরে দাঁড়িয়েছেন এবং তার এই ব্যক্তিগত ইচ্ছাকে সংগঠন ইতিবাচকভাবে গ্রহণ করেছে ও তার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে।