চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ইটভাটার জন্য খনন করা গর্তে জমে থাকা পানিতে পড়ে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে ভুজপুর থানাধীন হারুয়ালছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কলিম বাপের বাড়ি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রাণ হারানো দুই শিশু হলো স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমানের কন্যা সাকি (৯) এবং জাকির হোসেনের কন্যা সানজিদা (১১)।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ওই শিশুদের বসতবাড়ির পাশেই ইটভাটার প্রয়োজনে মাটি কাটায় একটি বিশাল গর্তের সৃষ্টি হয়েছিল। সাম্প্রতিক বৃষ্টিতে সেই গর্তটি গভীর জলাশয়ে পরিণত হয়। রোববার সকালে ওই গর্তের কিনারায় খেলাধুলা করার সময় অসাবধানতাবশত দুই শিশু পানিতে পড়ে তলিয়ে যায়। তাদের সঙ্গে থাকা অন্য এক শিশু দ্রুত বাড়িতে খবর দিলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। তবে উদ্ধার করে তীরে নিয়ে আসার আগেই শিশু দুটির মৃত্যু হয়।
হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইটভাটার মাটি উত্তোলনের ফলে সৃষ্ট গর্তে পানি জমে থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে ভূজপুর থানা পুলিশের একটি দল দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানিয়েছেন, পুরো বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। মূলত অপরিকল্পিতভাবে মাটি কাটার ফলে তৈরি হওয়া মরণফাঁদই এই দুই প্রাণ কেড়ে নিল বলে ধারণা করা হচ্ছে।