যুক্তরাষ্ট্র দূতাবাসে ভুয়া নিয়োগের নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর মিরপুর এলাকা থেকে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১০ মার্চ) রাতে মিরপুর দারুস সালাম থানাধীন মাজার কো-অপারেটিভ মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. শাহারুল ইসলাম বাপ্পি (৪৯) ও মো. বাচ্চু মিয়া (৪৩)। বুধবার সন্ধ্যায় ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন।
ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের মিরপুর জোনাল টিম মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ওই মার্কেটের ‘মায়ের দোয়া ফটোকপি অ্যান্ড কম্পিউটার’ দোকানে অভিযান পরিচালনা করে। অভিযানে দেখা যায়, এই দোকানটিকে কেন্দ্র করেই তারা প্রতারণার জাল বিস্তার করেছিল। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ জাল নিয়োগপত্র, বিভিন্ন সরকারি দপ্তরের লোগো সম্বলিত প্যাড, নন-জুডিশিয়াল স্ট্যাম্প, অসংখ্য জাল সিল ও স্ট্যাম্প প্যাড উদ্ধার করা হয়। এছাড়া প্রতারণার কাজে ব্যবহৃত দুটি হার্ডডিস্ক, একটি মনিটর ও মোবাইল ফোন জব্দ করেছে ডিবি।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা মার্কিন দূতাবাসে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে সহজ-সরল মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল। বিশ্বাসযোগ্যতা বাড়াতে তারা নিখুঁতভাবে তৈরি করা বিভিন্ন জাল নথিপত্র ব্যবহার করত।
এই ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে জালিয়াতি ও সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের সাথে আরও কারা জড়িত রয়েছে, তা খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রেখেছে গোয়েন্দা পুলিশ।