বৃহস্পতিবার, 22 অক্টোবর 2026
সকল বিভাগ

গাজায় ইসরায়েলি হামালায় ছয় শিশুসহ নিহত অন্তত ২৩

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ট্যাংক ও বিমান হামলায় কমপক্ষে ২৩ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

গাজায় ইসরায়েলি হামালায় ছয় শিশুসহ নিহত অন্তত ২৩
ছবিঃ সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ট্যাংক ও বিমান হামলায় কমপক্ষে ২৩ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

বুধবার গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। নিহতের তালিকায় অন্তত ছয়টি শিশু রয়েছে বলে জানানো হয়েছে। এই রক্তক্ষয়ী হামলা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি প্রক্রিয়াকে গভীর সংকটে ফেলেছে।

স্বাস্থ্য কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, দক্ষিণ গাজার খান ইউনিস শহরে প্রথম হামলার পর সেখানে আহতদের সহায়তা করতে আসা এক চিকিৎসক ইসরায়েলের দ্বিতীয় দফা বিমান হামলায় নিহত হন। এছাড়া উত্তর গাজার গাজা সিটিতে চালানো পৃথক হামলায় মাত্র পাঁচ মাস বয়সী এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিহতদের স্বজন আবু মোহাম্মদ হাবুশ জানান, তারা যখন নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন, তখন হঠাৎ ইসরায়েলি ট্যাংকের গোলা তাদের ওপর আছড়ে পড়ে। এতে তার ছেলে এবং ভাইয়ের দুই সন্তান প্রাণ হারায়। তিনি দাবি করেন, তারা কোনো ধরনের সশস্ত্র কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না বরং শান্তিপূর্ণ জীবনযাপন করছিলেন।

ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে দাবি করা হয়েছে, হামাস যোদ্ধারা নিয়ন্ত্রণরেখার কাছে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলি চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এই ঘটনার প্রতিক্রিয়ায় এবং একজন ইসরায়েলি সেনা গুরুতর আহত হওয়ার পর তারা পাল্টা হামলা চালিয়েছে।

অন্যদিকে, হামাস এই হামলাকে যুদ্ধবিরতি স্থিতিশীল করার প্রচেষ্টার ওপর বড় আঘাত হিসেবে উল্লেখ করেছে। সংগঠনটি এই সহিংসতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে ইসরায়েলের ওপর জরুরি চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের ঘোষণা দেন, যেখানে গাজার পুনর্গঠন ও ভবিষ্যৎ শাসনব্যবস্থা নিয়ে আলোচনার কথা ছিল। তবে গাজার অর্ধেকের বেশি এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হামাসের নিরস্ত্রীকরণের মতো অমীমাংসিত বিষয়গুলো নিয়ে এখনও জটিলতা কাটেনি। গাজার স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৫৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। একই সময়ে ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় চারজন ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে।