নিজ দেশের সীমানা ছাড়িয়ে সাহিত্য ও সংগীতে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন খ্যাতিমান কবি, লেখক ও গীতিকার ডা. সাবরিনা রুবিন। তার সৃষ্টিশীলতা ও মানবিক কাজের স্বীকৃতি মিলেছে রাশিয়া, যুক্তরাষ্ট্র, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে।
সম্প্রতি ডা. সাবরিনা রুবিনের লেখা একটি গানে কণ্ঠ দিয়েছেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভমিতা ব্যানার্জি। গানটির শিরোনাম ‘এখানেই সব কিছু শেষ হোক’। এর সংগীতায়োজন করেছেন কলকাতার প্রখ্যাত সংগীত পরিচালক দেব গৌতম। গানটি ইতোমধ্যে মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হয়েছে এবং দর্শক-শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে। দেব গৌতমের ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশ করা হয়।
নতুন বছরের শুরুতে আরও একটি নতুন গান প্রকাশের অপেক্ষায় রয়েছেন ডা. সাবরিনা রুবিন। এই গানে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি শিল্পী ঊষা উত্থুপ।
মাতৃভাষা বাংলার পাশাপাশি ইংরেজি সাহিত্যেও সমান দক্ষ সাবরিনা রুবিন। তার ইংরেজি কাব্যগ্রন্থ ‘লিমিটলেস লাভ’ ও ‘সাডেন স্প্রিং অ্যাগেইন’ আন্তর্জাতিক পাঠকমহলে প্রশংসা কুড়িয়েছে। বাংলা ভাষায় প্রকাশিত ‘নিষিদ্ধ নির্বাসন’, ‘মাত্রাহীন সমীকরণ’ ও ‘বিহঙ্গী’ বইগুলোও পাঠকসমাজে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
বিশ্বব্যাপী তার পিকটোরিয়াল পোয়েট্রি ও মেন্টাল হেলথ পোয়েট্রি আলাদা পরিচিতি তৈরি করেছে। মানসিক স্বাস্থ্যভিত্তিক কবিতায় তিনি বাংলাদেশের একমাত্র লেখিকা হিসেবে ব্যাপক স্বীকৃতি পেয়েছেন। ২০২০ সালে বাংলাদেশে প্রথমবারের মতো পিকটোরিয়াল পোয়েট্রিতে তিনি সম্মানিত হন।
সংগীতাঙ্গনেও ডা. সাবরিনা রুবিনের অবদান উল্লেখযোগ্য। তিনি ভারতের মালায়ালাম চলচ্চিত্রে কাজ করেছেন এবং তামিল সিনেমায় বাংলা গীতিকথা লিখেছেন। তার লেখা গানে কণ্ঠ দিয়েছেন ভারতের কিংবদন্তি শিল্পী হৈমন্তী শুক্লা, ঊষা উত্থুপ ও দেব গৌতম। বাংলাদেশে তার গানে কণ্ঠ দিয়েছেন শুভ্র দেব, শান শায়খ ও তাসনিম স্বর্ণা।
সাহিত্য ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি অর্জন করেছেন ইয়াসির আরাফাত ওয়ার্ল্ড পিস অ্যাওয়ার্ড, চেকভ ব্রোঞ্জ অনার, গুজরাট সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ও মোটিভেশনাল স্ট্রিপস অনার, মুনির মেজিয়েদ অ্যাওয়ার্ড ইন লিটারেচার, তাজিকিস্তানের সিপে অ্যাওয়ার্ড, রবীন্দ্রনাথ সম্মাননাসহ অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার।
ডা. সাবরিনা রুবিন রোমানিয়াভিত্তিক আন্তর্জাতিক সংগঠন মুনির মেজিয়েদ ফাউন্ডেশনের সর্বোচ্চ নীতিনির্ধারক কমিটির সক্রিয় সদস্য। চলতি বছর যুক্তরাষ্ট্রের একটি জার্নালে প্রকাশিত হয়েছে কার্ল স্কারওয়ার্থ ও সাবরিনা রুবিনের যৌথ কাজ ‘গডেস অফ গ্রিন’ শীর্ষক ছবি-কবিতা। এছাড়া অ্যামাজন থেকে প্রকাশিত হয়েছে গায়ক শুভ্র দেবের জীবনী, যা লিখেছেন সাবরিনা রুবিন।
তিনি বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফেম অ্যাওয়ার্ড (BIFA), বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড অর্জনের পাশাপাশি সর্বশেষ ‘রবীন্দ্রনাথ ঠাকুর মেমোরিয়াল লিটারারি অনার্স ২০২২’ সম্মাননায় ভূষিত হন।
অন্যদিকে, আধুনিক বাংলা গান ও গজল সংগীতে ভারতের উজ্জ্বল তারকা শুভমিতা ব্যানার্জি প্রায় তিন দশক ধরে সংগীতাঙ্গনে দৃঢ় অবস্থান ধরে রেখেছেন। আধুনিক গান, গজল ও শাস্ত্রীয় সংগীতে সমান পারদর্শিতা দেখিয়ে তিনি এক ডজনেরও বেশি জনপ্রিয় অ্যালবাম এবং দুই শতাধিক টেলিসিরিয়াল ও চলচ্চিত্রে কণ্ঠ দিয়েছেন, যা তাকে উপমহাদেশের অন্যতম প্রশংসিত কণ্ঠশিল্পীতে পরিণত করেছে।