অপুষ্টি, খাদ্যে ভেজাল ও অনিরাপদ খাদ্য গ্রহণের ঝুঁকি মোকাবিলায় গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গণপতি রায়।
তিনি বলেন, সঠিক পুষ্টি তথ্য মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য, কারণ গণমাধ্যম সচেতন হলে সমাজও সচেতন হবে।
সোমবার সকালে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এক দিনব্যাপী ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এই কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রায় ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
বারটানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আ. মজিদের সভাপতিত্বে কর্মশালায় বক্তারা বলেন, শুধু খাদ্য উৎপাদন বৃদ্ধি নয়, বরং খাদ্যের পুষ্টিমান সম্পর্কে জনসচেতনতা তৈরি করা জরুরি। পুষ্টিসমৃদ্ধ খাদ্য গ্রহণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সুস্থ জাতি গঠনে কার্যকর ভূমিকা রাখে।
প্রশিক্ষণে শিশু, কিশোর-কিশোরী, গর্ভবতী নারী ও বয়স্কদের পুষ্টির চাহিদা, সুষম খাদ্যের গুরুত্ব, নিরাপদ খাদ্য সংরক্ষণ এবং দৈনন্দিন খাদ্যতালিকায় পুষ্টিকর খাবার অন্তর্ভুক্তির বিভিন্ন দিক তুলে ধরা হয়। দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকরা জানান, এই আয়োজন তাদের পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ে নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে।
অনুষ্ঠানে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না এবং অন্যান্য কার্যনির্বাহী সদস্যসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।