শুক্রবার, 23 অক্টোবর 2026
সকল বিভাগ

গণতন্ত্র সচল থাকে স্বাধীন সাংবাদিকতার মাধ্যমে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতন্ত্র ছাড়া কোনো আধুনিক রাষ্ট্র টিকে থাকতে পারে না, আর যেখানে গণতন্ত্র নেই, সেখানে সমাজ অন্ধকারে নিমজ্জিত হয়। তিনি আরও বলেন, গণতন্ত্র কার্যকর ও সচল থাকে স্বাধীন সাংবাদিকতার মাধ্যমেই। তাই বর্তমান সরকারের মূল লক্ষ্য হচ্ছে গণমাধ্যম ও সাংবাদিকতার পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা।

গণতন্ত্র সচল থাকে স্বাধীন সাংবাদিকতার মাধ্যমে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতন্ত্র ছাড়া কোনো আধুনিক রাষ্ট্র টিকে থাকতে পারে না, আর যেখানে গণতন্ত্র নেই, সেখানে সমাজ অন্ধকারে নিমজ্জিত হয়। তিনি আরও বলেন, গণতন্ত্র কার্যকর ও সচল থাকে স্বাধীন সাংবাদিকতার মাধ্যমেই। তাই বর্তমান সরকারের মূল লক্ষ্য হচ্ছে গণমাধ্যম ও সাংবাদিকতার পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা।

শুক্রবার বেলা ১১:৩০টায় বগুড়া শহরের একটি কনভেনশন সেন্টারে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে রাজশাহী বিভাগের সাত জেলার সাংবাদিকদের আর্থিক অনুদান এবং তাদের পরিবারের মেধাবী সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।

মন্ত্রী জবাবদিহিতার গুরুত্বের ওপর আলোকপাত করে বলেন, “বিগত ফ্যাসিস্ট আমলে দেশে জবাবদিহিতা ছিল না, তাই স্বৈরাচার সৃষ্টি হয়েছিল। বর্তমান সরকার চায়, জবাবদিহিতার সংস্কৃতি এমনভাবে দৃঢ় হোক যাতে আর কোনো স্বৈরাচার সৃষ্টি না হতে পারে।”

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “সাংবাদিকতা একটি জ্ঞানভিত্তিক পেশা। এই পেশায় বিত্তবান হওয়া সম্ভব নয়, তবে দেশের উন্নয়নে সাংবাদিকদের মেধার বিকল্প নেই। আমরা চাই এই পেশার মানুষদের সম্মানের সঙ্গে রাখা হোক এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।” তিনি সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে আরও শক্তিশালী করার পরিকল্পনার কথাও উল্লেখ করেন।

বর্তমান মিডিয়ার ইকো-সিস্টেমের সঙ্গে খাপ খাইয়ে মূলধারার গণমাধ্যমকে টিকিয়ে রাখতে সরকার পূর্ণাঙ্গ পুনর্গঠন পরিকল্পনা করছে বলেও জানান মন্ত্রী। পাশাপাশি বগুড়াবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে তিনি ঘোষণা দেন, বগুড়ায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের কেন্দ্র দ্রুত চালু করার কার্যকর ব্যবস্থা নেয়া হবে। এছাড়া বগুড়া প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ ভবন নির্মাণের দায়িত্ব নিজে গ্রহণ করেছেন তিনি।

মন্ত্রী আরও জানান, সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ, কৃষক কার্ড চালু এবং কৃষিঋণ মওকুফের মতো উদ্যোগ গ্রহণ করেছে। সাংবাদিকদের সহায়তাকে কোনো দয়া নয়, বরং গণমাধ্যমকে শক্তিশালী করার অংশ হিসেবে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, “সাংবাদিকতা এমন একটি পেশা যা কখনো মাথা নত করবে না। কোনো অপশক্তির কাছে আপস করা ঠিক নয়। এই অনুদান ও শিক্ষাবৃত্তি সাংবাদিকদের অধিকার।”

এর আগে বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু সাংবাদিকদের পক্ষ থেকে বগুড়ায় বিটিভি ও বেতারের কার্যক্রম চালু এবং বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের উত্তরাঞ্চলীয় কার্যালয় স্থাপনের দাবি জানান।

অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল বাছিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা, ট্রাস্টের উপ-পরিচালক এবিএম রফিকুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন সভাপতি গণেশ দাস, দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক লালু এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

রাজশাহী বিভাগের সাত জেলার মোট ৫১ জন সাংবাদিককে আর্থিক সহায়তা এবং ৪৬ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।