বৃহস্পতিবার, 15 অক্টোবর 2026
সকল বিভাগ

গণভোট নিয়ে সরকারের অবস্থানে জনগণ হতাশ: হাসনাত আবদুল্লাহ

কর্মসংস্থানের সংকট, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমুখী দাম, দীর্ঘস্থায়ী লোডশেডিং এবং গণভোট নিয়ে জনগণের প্রত্যাশা পূরণ না হওয়ায় দেশের মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

গণভোট নিয়ে সরকারের অবস্থানে জনগণ হতাশ: হাসনাত আবদুল্লাহ

কর্মসংস্থানের সংকট, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমুখী দাম, দীর্ঘস্থায়ী লোডশেডিং এবং গণভোট নিয়ে জনগণের প্রত্যাশা পূরণ না হওয়ায় দেশের মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

শনিবার (১১ জুলাই) বিকেলে চাঁদপুর শহরের বায়তুল আমিন চত্বরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপি ঘোষিত মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত জুলাই পদযাত্রা শেষে পথসভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর ছয় মাসের মধ্যে কর্মসংস্থান সৃষ্টির যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার বাস্তবায়নে এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। ফলে বেকারত্বের সমস্যা আগের মতোই বহাল রয়েছে।

জ্বালানি তেলের দাম ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সমালোচনা করে তিনি বলেন, সরকার ইরান-সংক্রান্ত যুদ্ধ পরিস্থিতির প্রভাবের কথা উল্লেখ করে জ্বালানির মূল্য বাড়িয়েছিল। কিন্তু দাম বৃদ্ধির পরও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হয়নি এবং লোডশেডিং এখনো অব্যাহত রয়েছে।

জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের জন্য গঠিত সরকারি কমিটির কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, এটি একটি ‘আলংকারিক উদ্যোগ’। তাঁর অভিযোগ, কমিটি জ্বালানি খাতের সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হয়েছে এবং কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেনি।

গণভোট প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, সরকার গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে, যদিও তাঁর দাবি অনুযায়ী প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ছিলেন। ফলাফল প্রকাশের পর সরকার প্রকৃত ফলাফল প্রতিফলিত করেনি।

তিনি বলেন, অতীতের সরকার ভোট চুরি করত, আর বর্তমান সরকার ভোটের ফলাফল চুরি করেছে।

চট্টগ্রাম পার্বত্য অঞ্চলসহ দেশের বিভিন্ন জেলা বন্যাকবলিত হওয়ায় নির্ধারিত কর্মসূচি সংক্ষিপ্ত করার কথাও জানান তিনি।

তিনি বলেন, চট্টগ্রাম পার্বত্য অঞ্চলসহ অন্যান্য জেলা প্লাবিত হওয়ার কারণে আমরা আজকের এই কর্মসূচি সংক্ষিপ্ত করে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেব।

এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম, যুগ্ম সদস্য সচিব মহিউদ্দিন রনি, জেলা এনসিপির আহ্বায়ক মো. মাহবুব আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।