জুলাই জাতীয় সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কারে অনুষ্ঠিত গণভোটের রায় কার্যকর করার দাবিতে মাঠে নামছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এ লক্ষ্যে তারা দেশব্যাপী সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে রাজধানীর আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষে কর্মসূচি তুলে ধরেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে গণসংযোগ, লিফলেট বিতরণ, সেমিনার এবং বিক্ষোভ কর্মসূচি। আগামী ৯ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সারা দেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম চালানো হবে, যার উদ্বোধন করা হবে রাজধানীর শাহবাগে।
এছাড়া ১১ এপ্রিল সব মহানগরীতে এবং ১২ এপ্রিল জেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি ১৩ এপ্রিল রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে একটি জাতীয় সেমিনার আয়োজনের কথাও জানান তিনি।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ জোটভুক্ত বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে একই দিনে সকালে ওই মিলনায়তনেই সংবিধান সংস্কার পরিষদের বৈঠকে জোটের শীর্ষ নেতারা গণভোটের রায় বাস্তবায়ন এবং জ্বালানি সংকট নিয়ে আলোচনা করেন।