জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, জনগণের ম্যান্ডেট বা ভাষা বোঝার চেষ্টা করুন। পাঁচ কোটি মানুষের দেওয়া গণভোটের রায়কে অস্বীকার করে দেশে নতুন কোনো অস্থিরতা তৈরি করবেন না।
তিনি আরও বলেন, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত, নতুবা অতীতে যারা স্বৈরাচারী ও ফ্যাসিবাদী পন্থায় শাসন চালিয়েছে, তাদের মতোই করুণ পরিণতির মুখোমুখি হতে হবে।
রোববার বিকেলে চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘গণভোটের রায় জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার তার বক্তব্যে উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সালাহউদ্দিন আহমদ জুলাই সনদ পুরোপুরি মেনে চলার অঙ্গীকার করেছিলেন এবং প্রধানমন্ত্রীও বিভিন্ন সময়ে একই ধরনের আশ্বাস দিয়েছেন। কিন্তু গণভোটের রায় বাস্তবায়নের ক্ষেত্রে এখনো কোনো স্পষ্ট প্রতিশ্রুতি পাওয়া যাচ্ছে না। বিএনপি জুলাই সনদকে তার প্রকৃত চেতনার বদলে নিজেদের সুবিধামতো ব্যবহারের চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ তোলেন।
জামায়াত নেতা দাবি করেন, বিএনপি জুলাই সনদের যে ১০টি বিষয়ে দ্বিমত পোষণ করেছে, সেগুলোই ভবিষ্যতে নতুন করে স্বৈরাচারী ব্যবস্থার জন্ম দিতে পারে। তবে দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার মাধ্যমে ওইসব আপত্তিকর প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, সিদ্ধান্তের দায়িত্ব এখন আপনাদের হাতে। যদি কোনো ভুল পদক্ষেপ নেওয়া হয়, তবে তার নেতিবাচক প্রভাব আপনাদের ওপরেই পড়বে।
মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী শিশির মনির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুহাম্মদ শাহজাহান, শাহজাহান চৌধুরী ও মাওলানা জহিরুল ইসলামসহ আরও অনেকে। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস, এনসিপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এবং লেবার পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় শীর্ষ নেতারা সংহতি জানিয়ে বক্তব্য প্রদান করেন।
সেমিনারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণভোটের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।