শনিবার, 28 নভেম্বর 2026
সকল বিভাগ

গোমূত্র দিয়ে ক্যান্সার প্রতিষেধক তৈরিতে বিনিয়োগ, কোটি কোটি রুপি আর্থিক কেলেঙ্কারি 

ক্যানসারের মতো প্রাণঘাতী রোগের চিকিৎসা নিয়ে গবেষণার নামে ভারতে উঠে এসেছে এক চাঞ্চল্যকর আর্থিক কেলেঙ্কারি। মধ্যপ্রদেশে গরুর গোবর ও গোমূত্র ব্যবহার করে ক্যানসারের ওষুধ তৈরির একটি সরকারি গবেষণা প্রকল্পে কোটি কোটি রুপি আত্মসাতের গুরুতর অভিযোগ সামনে এসেছে।

গোমূত্র দিয়ে ক্যান্সার প্রতিষেধক তৈরিতে বিনিয়োগ, কোটি কোটি রুপি আর্থিক কেলেঙ্কারি 

ক্যানসারের মতো প্রাণঘাতী রোগের চিকিৎসা নিয়ে গবেষণার নামে ভারতে উঠে এসেছে এক চাঞ্চল্যকর আর্থিক কেলেঙ্কারি। মধ্যপ্রদেশে গরুর গোবর ও গোমূত্র ব্যবহার করে ক্যানসারের ওষুধ তৈরির একটি সরকারি গবেষণা প্রকল্পে কোটি কোটি রুপি আত্মসাতের গুরুতর অভিযোগ সামনে এসেছে।

প্রায় এক দশক ধরে চলা এই প্রকল্পে বিপুল অর্থ ব্যয় হলেও কোনো কার্যকর বৈজ্ঞানিক সাফল্য পাওয়া যায়নি। বরং তদন্তে প্রকাশ পেয়েছে, গবেষণার তহবিল ব্যবহার করে বিলাসবহুল জীবনযাপন ও অপ্রয়োজনীয় কেনাকাটার তথ্য। ২০১১ সালে জবলপুরের নানাজি দেশমুখ ভেটেরিনারি সায়েন্স বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া এই প্রকল্প এখন রাজ্যজুড়ে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানিয়েছে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, শুধু গোবর, গোমূত্র এবং গবেষণার কাঁচামাল কেনার খাতে ব্যয় দেখানো হয়েছে প্রায় ১ কোটি ৯২ লাখ রুপি। অথচ তদন্তকারীদের মতে, বাজারমূল্য অনুযায়ী এই খরচ ২০ লাখ রুপির বেশি হওয়ার কথা নয়। অর্থাৎ গোমূত্র ও গোবর কেনার নামে কয়েক গুণ বেশি অর্থ দেখিয়ে বিপুল পরিমাণ টাকা আত্মসাত করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। একই সঙ্গে গবেষণার অজুহাতে সরকারি তহবিল থেকে ২৩ থেকে ২৪ বার বিমান ভ্রমণের ব্যয়ও পরিশোধ করা হয়েছে।

অতিরিক্ত কালেক্টরের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি আরও জানিয়েছে, বাজেটে অনুমোদন না থাকলেও প্রকল্পের অর্থ ব্যবহার করে প্রায় সাড়ে সাত লাখ রুপি দামের একটি গাড়ি কেনা হয়েছে। এ ছাড়া আসবাবপত্র ও ইলেকট্রনিক সরঞ্জাম কিনতে ব্যয় করা হয়েছে প্রায় ১৫ লাখ রুপি। আশ্চর্যের বিষয় হলো, নথিতে যেসব গাড়ির উল্লেখ রয়েছে, সেগুলোর বাস্তব কোনো অস্তিত্ব খুঁজে পাননি তদন্তকারীরা।

কৃষকদের প্রশিক্ষণের নামে অর্থ ব্যয়ের কথা উল্লেখ থাকলেও, কারা এই প্রশিক্ষণ পেয়েছেন—সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কাছে কোনো প্রামাণ্য নথি নেই। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব অভিযোগ নাকচ করেছে। রেজিস্ট্রার ড. এস এস তোমরের দাবি, সব ধরনের ক্রয় সরকারি বিধি মেনেই করা হয়েছে এবং নিয়মিত অডিটও সম্পন্ন হয়েছে।

তবুও জেলা প্রশাসনের কঠোর অবস্থানের কারণে চাপের মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। তদন্ত প্রতিবেদনটি ইতোমধ্যে ডিভিশনাল কমিশনারের কাছে পাঠানো হয়েছে। ক্যানসার নিরাময়ের মতো সংবেদনশীল বিষয়ে গবেষণার নামে এমন আর্থিক লুটপাটের অভিযোগ এখন ভারতের জাতীয় পর্যায়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।