শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

গোয়েন্দাগিরির অভিযোগে চীনা রাষ্ট্রদূতকে তলব করল ব্রিটেন

যুক্তরাজ্যের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে হংকংয়ের গোয়েন্দা সংস্থাকে সহায়তা করার অভিযোগে লন্ডনে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝেং জেগুয়াংকে তলব করেছে ব্রিটিশ সরকার।

গোয়েন্দাগিরির অভিযোগে চীনা রাষ্ট্রদূতকে তলব করল ব্রিটেন
ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে হংকংয়ের গোয়েন্দা সংস্থাকে সহায়তা করার অভিযোগে লন্ডনে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝেং জেগুয়াংকে তলব করেছে ব্রিটিশ সরকার।

শনিবার (৯ মে) যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তর (এফসিডিও) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই পদক্ষেপের কথা নিশ্চিত করেছে।

সম্প্রতি যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা আইনের আওতায় তিন ব্যক্তির বিরুদ্ধে হংকংয়ের হয়ে গোয়েন্দা তৎপরতা চালানোর অভিযোগ প্রমাণিত হয়েছে। ওই মামলার রায় ঘোষণার পর পরই শুক্রবার (৮ মে) ব্রিটিশ পররাষ্ট্রসচিবের নির্দেশনায় চীনা রাষ্ট্রদূতকে দপ্তরে ডেকে পাঠানো হয়।

পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, চীনা রাষ্ট্রদূতের কাছে ব্রিটিশ সরকারের কঠোর অবস্থান অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। লন্ডন সাফ জানিয়ে দিয়েছে যে, যুক্তরাজ্যের অভ্যন্তরীণ সীমানায় কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে ভয়ভীতি প্রদর্শন, হয়রানি কিংবা ক্ষতি করার উদ্দেশ্যে বিদেশি কোনো রাষ্ট্রের গোপন কার্যক্রম বরদাশত করা হবে না। এ ধরনের তৎপরতাকে যুক্তরাজ্যের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে গণ্য করছে দেশটি।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ব্রিটিশ সরকার তাদের জাতীয় নিরাপত্তা রক্ষায় এবং গণতান্ত্রিক মূল্যবোধকে বাধাগ্রস্ত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। এ ধরনের ঘটনার জন্য চীনকে জবাবদিহিতার আওতায় আনতে এবং দেশটির নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের আইনি ও কূটনৈতিক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।