রাজধানীর গুরুত্বপূর্ণ জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়কে হকার বসার সুযোগ আর রাখা হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম। এ জন্য সময় থাকতেই হকারদের স্বেচ্ছায় সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শিক্ষা ভবন থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত মেট্রোরেলের মিডিয়ানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
তবে মতিঝিল এলাকায় অফিস সময় শেষ হওয়ার পর হকারদের জন্য নাইট মার্কেট চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রশাসক।
মো. আব্দুস সালাম বলেন, মতিঝিলে অফিস সময় শেষ হওয়ার পর বিকেল চারটা থেকে নাইট মার্কেট চালু করা হবে। সেখানে হকাররা ব্যবসা করতে পারবেন। তিনি বলেন, “সপ্তাহে সাতদিন তাদেরকে সব জাগয়ায় বসতে দিত পারবো না। এটা তাদেরকেও মানতে হবে। নিয়মের অনুযায়ী, পরিষ্কার-পরিচ্ছন্নতা অনুযায়ী তাদের বসতে হবে।”
প্রধানমন্ত্রীর পরিবেশ সুরক্ষা পরিকল্পনার অংশ হিসেবে রাজধানীতে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রয়েছে জানিয়ে প্রশাসক বলেন, ধাপে ধাপে নগরের সব ফ্লাইওভারের নিচে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হবে।
এ সময় নির্ধারিত স্থানে ময়লা-আবর্জনা ফেলার জন্য ব্যবসায়ী ও বিভিন্ন অফিসের কর্মকর্তাদেরও সতর্ক করেন তিনি।