কক্সবাজারের উখিয়ায় গভীর রাতে ঘরে ঢুকে এক গৃহবধূকে (৩০) ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার দিবাগত রাতে ওই এলাকার এক প্রবাসীর বাড়িতে এই নৃশংস ঘটনাটি ঘটে।
পুলিশ ও নিহতের স্বজনদের মাধ্যমে জানা গেছে, ঘটনার দিন রাত ৩টার দিকে সেহরির প্রস্তুতির সময় ঘর থেকে ভুক্তভোগীর চিৎকার শুনতে পান স্থানীয় ও পরিবারের সদস্যরা। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই গৃহবধূকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের দাবি, জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। স্বজনরা অভিযোগ করেছেন যে, দুর্বৃত্তরা ওই নারীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছে। নিহতের গলা ও মাথায় জখমের চিহ্ন স্পষ্ট ছিল বলে তারা জানান।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুসন্ধানে ধর্ষণ বা ধর্ষণের চেষ্টার কিছু আলামত পাওয়া গেছে। ভুক্তভোগীর কপাল, হাত ও গলায় জখমের চিহ্ন রয়েছে।
ওসি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার নেপথ্যের বিস্তারিত উদঘাটন করা সম্ভব হবে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ টিম কাজ শুরু করেছে।