বাজারে মূল্যবৃদ্ধি ও সরবরাহ ঘাটতির প্রেক্ষাপটে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।
সরকার থেকে সরকার (জিটুজি) পদ্ধতিতে এলপিজি আমদানির সুযোগ দেওয়া হয়েছে রাষ্ট্রায়ত্ত এই সংস্থাকে। এর মাধ্যমে বাজারে গ্যাসের সরবরাহ বাড়ানো এবং মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্য নেওয়া হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) রাতে গণমাধ্যমকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, বিপিসিকে এলপিজি আমদানির অনুমতি দেওয়া হয়েছে এবং তা জিটুজি ভিত্তিতেই সম্পন্ন হবে। তিনি বলেন, এতে বাজারে সরবরাহ বৃদ্ধি পাবে এবং দাম নিয়ন্ত্রণে সহায়ক হবে।
তিনি আরও জানান, প্রক্রিয়া শুরু করতে বিপিসির চেয়ারম্যানকে মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে এবং এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। সরকার পর্যায়ে এলপিজি আনার উদ্যোগ নেওয়া হচ্ছে এবং আমদানি কার্যকর হলে বাজারে ভারসাম্য ফিরবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, দেশে এলপিজির সংকট দেখা দেওয়ার পর গত ১০ জানুয়ারি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিবকে চিঠি দিয়ে এলপিজি আমদানির অনুমতি চায় বিপিসি। সেখানে বলা হয়, দেশে এলপিজির বাজার পুরোপুরি বেসরকারি খাতনির্ভর হওয়ায় সংকটকালে সরকারের হস্তক্ষেপের সুযোগ সীমিত। ফলে সরবরাহ ঘাটতি বা কৃত্রিম সংকট তৈরি হলে তা মোকাবিলায় সরকারের কার্যকর হাতিয়ার থাকে না। বিপিসির সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই এবার সংস্থাটিকে এলপিজি আমদানির অনুমতি দেওয়া হলো।