ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার মূল দুই অভিযুক্ত ফয়সাল করিম ও আলমগীর হোসেনকে ১১ দিনের এনআইএ রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন দিল্লির একটি আদালত।
গত সোমবার ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) তাদের জিজ্ঞাসাবাদের জন্য ট্রানজিট রিমান্ডে দিল্লিতে নিয়ে আসে। পরদিন মঙ্গলবার এনআইএ’র বিশেষ আদালতে উভয় অভিযুক্তকে তোলা হলে, দুই পক্ষের যুক্তি শুনে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের অতিরিক্ত সেশন জজ প্রশান্ত শর্মা তাদের ১১ দিনের রিমান্ডের নির্দেশ দেন।
এনআইএ সূত্র জানায়, আদালতের সিনিয়র পাবলিক প্রসিকিউটর রাহুল ত্যাগী জানিয়েছেন, “অভিযুক্তরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন, ফলে ষড়যন্ত্রের বিষয়টি পুরোপুরি অগ্রাহ্য করা যায় না। তাদের জিজ্ঞাসাবাদে পরিকল্পনার বিস্তারিত বের করা উচিত।”
ফয়সাল ও আলমগীরকে ৭ ও ৮ মার্চের মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ) গ্রেপ্তার করেছিল। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল।
পরবর্তীতে বিধাননগর মহকুমা আদালতে তাদের ১৪ দিনের এসটিএফ রিমান্ডে নেওয়া হয়। এরপর ২২ মার্চ বিচার বিভাগীয় হেফাজতে তাদের ১২ দিনের কারাগার হাজতবাসের নির্দেশ দেওয়া হয়।
এরপর মামলায় এনআইএ যুক্ত হয় এবং নিজেদের হেফাজতে নিতে সোমবার তারা বিধাননগর মহকুমা আদালতে আবেদন করে।
উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে হেলমেট পরিহিত কয়েকজন দুর্বৃত্ত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে গুরুতর আহত করেন। তিনি ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।