শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

হাদির হত্যা মামলায় ভারতে আরও এক বাংলাদেশি গ্রেফতার

ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি হত্যা মামলায় ভারতের পশ্চিমবঙ্গ থেকে আরও এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।

হাদির হত্যা মামলায় ভারতে আরও এক বাংলাদেশি গ্রেফতার
ইনকিলাম মঞ্চের নেতা ওসমান হাদি - ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি হত্যা মামলায় ভারতের পশ্চিমবঙ্গ থেকে আরও এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।

শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ জানায়, ফিলিপ সাংমা নামে ওই ব্যক্তিকে নদীয়া জেলার শান্তিপুর এলাকা থেকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, এর আগে এই মামলায় আটক দুই অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে জিজ্ঞাসাবাদের সময় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। তারা জানান, ফিলিপ সাংমা নামের ওই ব্যক্তি তাদের সীমান্ত পেরিয়ে ভারতের মেঘালয়ে প্রবেশ করতে সহায়তা করেছিলেন। পরে তিনিও ভারতে চলে আসেন।

এই তথ্যের ভিত্তিতেই শনিবার সকালে শান্তিপুর বাইপাস এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে এসটিএফ।

প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ দাবি করেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিলিপ সাংমা জানিয়েছেন যে তিনি সীমান্ত পারাপারের দালাল হিসেবে কাজ করেন। অর্থের বিনিময়ে বাংলাদেশের হালুয়াঘাট এলাকা থেকে মেঘালয়ের ডালুপাড়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশে সহযোগিতা করে থাকেন তিনি।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তিনি আরও জানিয়েছেন যে ফয়সাল ও আলমগীরকে সীমান্ত পার হতে সহায়তা করেছিলেন তিনিই।

পশ্চিমবঙ্গ পুলিশের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশে পুলিশের চাপ বাড়তে থাকায় একসময় তিনিও সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান এবং বিভিন্ন স্থানে অবস্থান করছিলেন। তবে সম্প্রতি তিনি আবার বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারের পর শনিবারই তাকে আদালতে হাজির করা হয়। তদন্তের স্বার্থে আদালত তাকে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।