বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

হালদা নদীতে রাতে অভিযান, ২টি জাল জব্দ

প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষা এবং মা মাছের নিরাপদ বিচরণ নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়েছে হাটহাজারী উপজেলা মৎস্য অধিদপ্তর।

হালদা নদীতে রাতে অভিযান, ২টি জাল জব্দ
ছবিঃ সংগৃহীত

প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষা এবং মা মাছের নিরাপদ বিচরণ নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়েছে হাটহাজারী উপজেলা মৎস্য অধিদপ্তর।

বুধবার দিবাগত রাত ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত নদীর বিভিন্ন এলাকায় এই তৎপরতা চালানো হয়। অভিযানে নদী থেকে অবৈধভাবে মাছ শিকারের কাজে ব্যবহৃত দুটি বড় জাল জব্দ করতে সক্ষম হন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, সরকার ঘোষিত এই মৎস্য হেরিটেজে কার্পজাতীয় মাছের প্রজনন পরিবেশ অটুট রাখতে নিয়মিত তদারকির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে রামদাশমুন্সীর হাট থেকে নাঙ্গলমোড়া পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় নজরদারি চালানো হয়। এ সময় গড়দুয়ারা ও ছিপাতলী পয়েন্ট থেকে আনুমানিক ৩৫ হাজার টাকা সমমূল্যের ১২০০ মিটার দীর্ঘ দুটি চরঘেরা জাল উদ্ধার করা হয়।

মৎস্য কর্মকর্তাদের মতে, কঠোর নজরদারি ও নিয়মিত অভিযানের ফলে নদীতে নিষিদ্ধ জালের ব্যবহার আগের তুলনায় উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, খুব দ্রুতই হালদাকে শতভাগ অবৈধ জালমুক্ত করা সম্ভব হবে। এছাড়া জেলেদের জীবনযাত্রার মানোন্নয়ন ও বিকল্প কর্মসংস্থান তৈরির লক্ষ্যে হালদা প্রকল্পের আওতায় ১৫০ থেকে ২০০ জন মৎস্যজীবীকে অতিসত্বর প্রয়োজনীয় উপকরণ সহায়তা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নদীর প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও অবৈধ শিকারিদের রুখতে প্রশাসনের এই কঠোর অবস্থান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।