ইরানের রাজধানী তেহরানে একটি ক্রীড়া স্টেডিয়ামে হামলার ঘটনায় সেটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)।
আইআরআইবির তথ্য অনুযায়ী, হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাটি সম্ভবত আজাদি ইনডোর স্টেডিয়াম। প্রায় ১২ হাজার দর্শক ধারণক্ষমতার এই ভেন্যুটি দেশের সবচেয়ে বড় ক্রীড়া অবকাঠামো আজাদি স্টেডিয়াম কমপ্লেক্সের অংশ।
ইরানের বার্তা সংস্থা তাসনিম একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে স্টেডিয়ামের গ্যালারির একটি অংশ ভেঙে পড়তে এবং সেখান থেকে ধোঁয়া উঠতে দেখা যায়।
এ বিষয়ে আইআরআইবি এক পোস্টে বলেছে, “স্টেডিয়ামে কোনো পারমাণবিক বোমা বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি হয় না।”
অন্যদিকে ইসরায়েলের ফার্সি ভাষার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকেও স্টেডিয়ামের একটি ভিডিও শেয়ার করা হয়েছে। ওই ভিডিওতে স্টেডিয়ামের বাইরের গাড়ি পার্কিং এলাকায় ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষ দেখা যায়।
তবে ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই এলাকা ইরানের সরকারি বাহিনী ব্যবহার করছিল।
সূত্র: বিবিসি