হজ ব্যবস্থাপনার সুষ্ঠু পরিচালনার ওপর সরকারের ভাবমূর্তি নির্ভর করছে উল্লেখ করে যেকোনো ধরনের অবহেলা বা ত্রুটির বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আয়োজিত হজের প্রস্তুতি বিষয়ক এক আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী সভায় উল্লেখ করেন যে, বর্তমান সরকারের মেয়াদকালের এটিই প্রথম হজ। তাই অতীতের সকল অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবারের হজ কার্যক্রমকে আরও সুশৃঙ্খল এবং নিখুঁতভাবে সম্পন্ন করতে হবে। হজযাত্রীদের ‘আল্লাহর মেহমান’ হিসেবে অভিহিত করে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন যেন প্রতিটি হজযাত্রীকে পরিবারের সদস্যের মতো আন্তরিক সেবা প্রদান করা হয়।
হজ ব্যবস্থাপনার সাথে যুক্ত বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার কাজের মূল্যায়ন করা হবে জানিয়ে কায়কোবাদ বলেন, যেসব প্রতিষ্ঠান এবার মানসম্মত ও প্রশংসনীয় সেবা নিশ্চিত করবে, তাদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা রাখা হবে।
উক্ত প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান। সভায় হজের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করে যাবতীয় সেবা কার্যক্রম নির্বিঘ্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।