শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

হজযাত্রায় ১৮ জনের মৃত্যু, সৌদি পৌঁছেছেন ৬৫ হাজারের বেশি বাংলাদেশি

চলতি বছরের হজ মৌসুমে বাংলাদেশ থেকে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ১৮ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। একই সময়ে বিপুল সংখ্যক বাংলাদেশি হজযাত্রী বিভিন্ন ফ্লাইটে করে পবিত্র ভূমিতে পৌঁছেছেন।

হজযাত্রায় ১৮ জনের মৃত্যু, সৌদি পৌঁছেছেন ৬৫ হাজারের বেশি বাংলাদেশি

চলতি বছরের হজ মৌসুমে বাংলাদেশ থেকে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ১৮ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। একই সময়ে বিপুল সংখ্যক বাংলাদেশি হজযাত্রী বিভিন্ন ফ্লাইটে করে পবিত্র ভূমিতে পৌঁছেছেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পডেস্কের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার (১৯ মে) পর্যন্ত মোট ৬৫ হাজার ৫৯২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তথ্যটি ১৮ মে (সৌদি সময় রাত ২৩:৫৯) পর্যন্ত হালনাগাদ করা হয়েছে।

এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৬১ হাজার ১৪৮ জন।

চলতি বছর চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৬ মে হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ১৮ এপ্রিল শুরু হওয়া হজযাত্রায় এখন পর্যন্ত মোট ১৬৯টি ফ্লাইট পরিচালিত হয়েছে।

ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৬টি, সৌদি এয়ারলাইন্স ৬১টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইট পরিচালনা করেছে।

যাত্রী পরিবহনের হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহন করেছে ৩৪ হাজার ৭০ জন, সৌদি এয়ারলাইন্স ২২ হাজার ৬৬৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৮ হাজার ৮৫৯ জন যাত্রী।

সৌদি আরবে স্থাপিত চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ৩০ হাজার ৩৭০টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্ক থেকে ১৮ হাজার ২১০টি সেবা দেওয়া হয়েছে।

মৃত ১৮ জন হজযাত্রীর মধ্যে ১৩ জন পুরুষ এবং ৫ জন নারী। তাদের মধ্যে ১৩ জন মক্কায় এবং ৫ জন মদিনায় মারা গেছেন।

সবশেষ ১৭ মে ফেনীর সোনাগাজী উপজেলার সাজেদা বেগম (৫৬) নামে এক নারী হজযাত্রী মারা যান।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট আগামী ২১ মে। হজের আনুষ্ঠানিকতা শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট পরিচালিত হবে ৩০ জুন।