ইরান মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ তেলপথ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যকে তেলবাহী জাহাজ নিরাপদে পার করার জন্য যুদ্ধজাহাজ মোতায়েনের আহ্বান জানান।
তবে এখনও পর্যন্ত কোনো দেশই প্রকাশ্যে ট্রাম্পের আহ্বানে সাড়া দেয়নি, জানিয়েছে আল জাজিরা।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র মার্কিন গণমাধ্যমকে বলেন, “এই অঞ্চলে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাজ্য বর্তমানে মিত্র ও অংশীদারদের সঙ্গে বিভিন্ন সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা করছে।”
চীনা দূতাবাসের কর্মকর্তারা মার্কিন গণমাধ্যমকে জানান, বেইজিং শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানাচ্ছে এবং স্থিতিশীল ও নির্বিঘ্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সব পক্ষের দায়িত্ব।
জাপানের কর্মকর্তারা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, “জাপান নিজস্ব সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানায়, স্বাধীন বিবেচনাই এখানে মূল বিষয়।” ফলে ট্রাম্পের আহ্বানে জাপান কোনো যুদ্ধজাহাজ পাঠাবে না।
ফ্রান্সও এই আহ্বানকে প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক পোস্টে জানিয়েছে, “না, ফরাসি বিমানবাহী রণতরী ও তার বহর পূর্ব ভূমধ্যসাগরেই অবস্থান করছে।”
অন্যদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় রোববার জানিয়েছে, ট্রাম্পের আহ্বান সতর্কভাবে পর্যালোচনা করা হবে এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা হবে।