মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের প্রভাব এবার পড়েছে বাংলাদেশের একটি বাণিজ্যিক জাহাজের ওপর। দেশে ফেরার উদ্দেশ্যে যাত্রা শুরু করেও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় পথ পরিবর্তন করে আবার পারস্য উপসাগরের নিরাপদ এলাকায় ফিরে গেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার জয়যাত্রা।
জানা গেছে, যুদ্ধ পরিস্থিতির কারণে জাহাজটি হরমুজ প্রণালির ভেতরে আটকা পড়েছিল। গত বৃহস্পতিবার বাংলাদেশে ফেরার জন্য প্রণালি অতিক্রমের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।
গত ১১ মার্চ সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পণ্য খালাস শেষ করার পর থেকেই যুদ্ধ পরিস্থিতির কারণে জাহাজটি আটকে পড়ে। বর্তমানে জাহাজটিতে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন।
বৈশ্বিক জাহাজ ট্র্যাকিং প্রতিষ্ঠান মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, বিএসসির মালিকানাধীন জাহাজটি এখন সংযুক্ত আরব আমিরাতের পারস্য উপসাগরের শারজা উপকূলের বহির্নোঙর এলাকায় অবস্থান করছে।
বিএসসি সূত্রে জানা যায়, ‘বাংলার জয়যাত্রা’ ভারত থেকে পণ্য নিয়ে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে। এরপর কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি জেবেল আলী বন্দরে পৌঁছায়। ঠিক তার পরদিনই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোতে হামলা শুরু করে।
এর মধ্যে ১১ মার্চ জেবেল আলী বন্দরে পণ্য খালাস শেষ করে জাহাজটি। পরে কুয়েতের একটি বন্দরে নতুন করে পণ্য তোলার পরিকল্পনা ছিল। তবে যুদ্ধ পরিস্থিতি অব্যাহত থাকায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে জাহাজটি নিরাপদে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বিএসসি। সেই অনুযায়ী জাহাজটি হরমুজ প্রণালি হয়ে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করে।
বিএসসি সূত্র জানায়, ১২ মার্চ জাহাজটি হরমুজ প্রণালির প্রবেশমুখ থেকে প্রায় ৬৬ নটিক্যাল মাইল দূরত্বে পৌঁছায়। এ সময় প্রণালি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার খবর পান জাহাজের নাবিকরা। একই সময়ে সংযুক্ত আরব আমিরাতের কোস্টগার্ড নিরাপত্তাজনিত কারণে প্রণালি অতিক্রম না করে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়। ফলে জাহাজটি আবার আগের অবস্থানে ফিরে যায়।
এর আগে জাহাজটি যাতে নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করতে পারে, সে জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল বিএসসি।
এ বিষয়ে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, “বাংলার জয়যাত্রা জাহাজটি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের শারজায় নোঙর করে। এটি এখনো হরমুজ অঞ্চলের মধ্যেই আছে। তাই পরবর্তী ট্রিপে কাতার থেকে নতুন করে পণ্যবোঝাই করার পরিকল্পনা নেওয়া হয়েছে।”