শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

হরমুজ প্রণালিতে টোল আরোপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন: যুক্তরাজ্য

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোর ওপর টোল আরোপের ইরানি সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার। লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি স্পষ্টভাবে জানান, ইরানের এই পদক্ষেপ আন্তর্জাতিক সমুদ্র আইনের চরম পরিপন্থী। বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথটিকে সর্বাবস্থায় অবাধ ও উন্মুক্ত রাখা এখন সময়ের দাবি বলে তিনি মন্তব্য করেন।

হরমুজ প্রণালিতে টোল আরোপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন: যুক্তরাজ্য
ছবিঃ সংগৃহীত

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোর ওপর টোল আরোপের ইরানি সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার। লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি স্পষ্টভাবে জানান, ইরানের এই পদক্ষেপ আন্তর্জাতিক সমুদ্র আইনের চরম পরিপন্থী। বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথটিকে সর্বাবস্থায় অবাধ ও উন্মুক্ত রাখা এখন সময়ের দাবি বলে তিনি মন্তব্য করেন।

ইয়েভেট কুপার তার বক্তব্যে উল্লেখ করেন, হরমুজ প্রণালি একটি স্বীকৃত আন্তর্জাতিক নৌপথ। ফলে কোনো নির্দিষ্ট রাষ্ট্র একতরফাভাবে এখানে কোনো ধরনের নিয়ন্ত্রণারোপ কিংবা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না। বৈশ্বিক সমুদ্র আইন অনুযায়ী, এ ধরনের গুরুত্বপূর্ণ যাতায়াত পথে নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখা প্রতিটি রাষ্ট্রের দায়িত্ব। তিনি আরও বলেন, কেবল বর্তমান সংকট নয়, বরং মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে হলেও এই প্রণালির অবাধ ব্যবহার সচল রাখা জরুরি। আন্তর্জাতিক জলসীমায় এই ধরনের কর বা টোল আদায়ের কোনো আইনি বৈধতা নেই এবং এটি সামুদ্রিক স্বাধীনতার ধারণাকে বাধাগ্রস্ত করে।

অন্যদিকে, লেবাননের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। সেখানে চলমান ইসরায়েলি সামরিক অভিযানের বিরোধিতা করে তিনি সতর্ক করেন যে, সংঘাত অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা ব্যর্থ হতে পারে।

উল্লেখ্য, ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজগুলো থেকে অগ্রিম টোল আদায়ের একটি পরিকল্পনা হাতে নিয়েছে। এই টোল পরিশোধের ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সি অথবা চীনের মুদ্রা ‘ইউয়ান’ ব্যবহারের শর্ত দেওয়ার কথা শোনা যাচ্ছে। এছাড়া ফিন্যান্সিয়াল টাইমসের তথ্যমতে, ইরান প্রতিটি তেলবাহী জাহাজের ক্ষেত্রে প্রতি ব্যারেল তেলের জন্য ১ ডলার করে টোল আদায়ের পরিকল্পনা করছে। মূলত যুক্তরাষ্ট্রের সাথে বর্তমান সাময়িক যুদ্ধবিরতি চলাকালীন এই বিশেষ ব্যবস্থা কার্যকর রাখার চিন্তা করছে তেহরান, যা এখন আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে।