এক মাস ধরে চলমান যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান সংঘাতের প্রভাবে উপসাগরীয় অঞ্চলসহ বৈশ্বিক অর্থনীতি চাপে পড়েছে। যুদ্ধবিরতির আহ্বান জোরালো হলেও এখনো পর্যন্ত কোনো পক্ষই হামলা বন্ধ করেনি। তবে সংকট নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
রোববার (২৯ মার্চ) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে একটি গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হয়েছে। দুই দিনের এই বৈঠকে তুরস্ক, সৌদি আরব, মিসর ও পাকিস্তানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই বৈঠককে যুক্তরাষ্ট্র ও ইরানকে সরাসরি আলোচনার টেবিলে আনার সবচেয়ে সমন্বিত আঞ্চলিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
একই সঙ্গে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আলোচনায় হরমুজ প্রণালীকে আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত রাখার বিষয়টি অগ্রাধিকার পাচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই উদ্যোগের লক্ষ্য হলো উত্তেজনা প্রশমিত করা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ এই পথটি সচল রাখা।