ইরানের অবরোধের কারণে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালিতে অবরুদ্ধ হয়ে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে মুক্ত করতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে নতুন একটি অভিযানের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত রবিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি এই বিশেষ প্রকল্পের কথা জানান। মূলত বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম প্রধান এই রুটটিতে আটকা পড়া নৌযানগুলোকে নিরাপত্তা দিয়ে পার করে দেওয়াই এই উদ্যোগের লক্ষ্য।
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করে ইরান। ১৬৭ কিলোমিটার দীর্ঘ এই কৌশলগত জলপথটি দিয়ে বিশ্বের মোট তেল ও গ্যাসের এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। অবরোধের ফলে পারস্য উপসাগর ও আরব উপসাগরীয় অঞ্চলে শতাধিক বাণিজ্যিক জাহাজ আটকা পড়ে আছে, যার ফলে বিশ্ব বাণিজ্যে অচলাবস্থা তৈরি হয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেছেন যে, অনেক দেশ যাদের সাথে চলমান আঞ্চলিক সংঘাতের কোনো সম্পর্ক নেই, তারা তাদের জাহাজগুলো নিরাপদে বের করে নিতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে। এসব দেশের অনুরোধের প্রেক্ষিতেই মার্কিন নৌবাহিনী এখন থেকে বাণিজ্যিক জাহাজগুলোকে সশস্ত্র প্রহরা দিয়ে হরমুজ প্রণালি পার করে দেবে। তিনি এই পদক্ষেপকে একটি মানবিক প্রচেষ্টা হিসেবে অভিহিত করেছেন। কারণ দীর্ঘ সময় সমুদ্রে ভাসমান থাকায় জাহাজগুলোতে খাদ্য ও প্রয়োজনীয় সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে।
মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় সোমবার সকাল থেকেই এই অভিযান শুরু হওয়ার কথা রয়েছে। ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, আটকা পড়া জাহাজ এবং সেগুলোর নিরপরাধ ক্রুদের নিরাপদে গন্তব্যে পৌঁছানো নিশ্চিত করাই তার প্রশাসনের অগ্রাধিকার। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই উদ্ধার কার্যক্রমে কোনো পক্ষ বাধা সৃষ্টির চেষ্টা করলে যুক্তরাষ্ট্র কঠোর শক্তি প্রয়োগের মাধ্যমে তার জবাব দেবে। এই প্রকল্পের মাধ্যমে আটকে পড়া দেশগুলো সরাসরি উপকৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।