সপ্তাহের প্রথম কর্মদিবসেই ভিন্নধর্মী কার্যক্রমে নজর কাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান—নিজ দপ্তরে যাওয়ার আগে হঠাৎ করেই একাধিক মন্ত্রণালয় ঘুরে দেখেন তিনি।
রোববার (২৯ মার্চ) সকালে সচিবালয়ে পৌঁছে সাধারণ দিনের মতো সরাসরি কার্যালয়ে না গিয়ে প্রথমে ৬ নম্বর ভবনের দিকে যান প্রধানমন্ত্রী। সেখানে গিয়ে তিনি হেঁটে বিভিন্ন মন্ত্রণালয় আকস্মিকভাবে পরিদর্শন করেন, যা উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিস্ময়ের সৃষ্টি করে।
পরিদর্শনকালে তিনি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ পাশের গণপূর্ত মন্ত্রণালয় ঘুরে দেখেন। সংশ্লিষ্ট বিভাগগুলোর কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন বলেও জানা গেছে।
মন্ত্রণালয়গুলো পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী তার নিজ দপ্তরে ফিরে যান এবং দিনের নির্ধারিত কাজ শুরু করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।