শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

ইমরান খানের মুক্তি চেয়ে ২১ অধিনায়কের চিঠি

কারাগারে থাকা পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবি জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের ২১ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক।

ইমরান খানের মুক্তি চেয়ে ২১ অধিনায়কের চিঠি

কারাগারে থাকা পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবি জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের ২১ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক।

ক্রিকেট ক্যারিয়ার শেষে রাজনীতিতে যোগ দিয়ে ২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন ইমরান খান। ২০২২ সাল পর্যন্ত তিনি দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ক্ষমতাচ্যুত হওয়ার পর একাধিক মামলায় তাকে ১০, ১৪ ও ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের একটি পৃথক কক্ষে বন্দি রয়েছেন ইমরান। তার শারীরিক অবস্থা, বিশেষ করে চোখের সমস্যা এবং দীর্ঘ সময় ধরে জনসম্মুখে নীরব থাকা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এরই মধ্যে বিশ্ব ক্রিকেটের সাবেক অধিনায়কেরা তার পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন।

২১ সাবেক আন্তর্জাতিক অধিনায়কের লেখা চিঠির পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে ইমরান খানের বিষয়ে পাকিস্তানের সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ বাস্তবায়ন নিয়ে অসন্তোষ।

চিঠিতে সাবেক অধিনায়কেরা উল্লেখ করেছেন, আদালতের নির্দেশ অনুযায়ী ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য একটি মেডিক্যাল বোর্ড গঠন করার কথা ছিল। সেই বোর্ডে তার ব্যক্তিগত চিকিৎসক এবং তার বোন ডা. উজমা খানকে রাখার নির্দেশও ছিল। পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি সপ্তাহে ইমরানের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছিল।

চিঠিতে তিনটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথমত, সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী গঠিত পূর্ণাঙ্গ মেডিক্যাল বোর্ডকে স্বাধীনভাবে ইমরানের স্বাস্থ্য পরীক্ষা শেষ করার সুযোগ দিতে হবে। বিশেষ করে তার ডান চোখের দৃষ্টিশক্তি হারানোর যে অভিযোগ উঠেছে, সেটি যথাযথভাবে পরীক্ষা করার আহ্বান জানানো হয়েছে।

দ্বিতীয়ত, আদালতের নির্দেশ অনুসারে পরিবারের সদস্যদের সাপ্তাহিক সাক্ষাৎ নিশ্চিত করতে হবে, যাতে কোনো প্রশাসনিক জটিলতা বা অযাচিত বিলম্ব তৈরি না হয়।

তৃতীয়ত, মেডিক্যাল বোর্ডের পক্ষ থেকে যেসব চিকিৎসার সুপারিশ করা হবে, সেগুলো দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।

গত ছয় মাসে ইমরান খানের বিষয়ে সাবেক ক্রিকেট অধিনায়কদের পক্ষ থেকে এটি দ্বিতীয় চিঠি। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ১৪ জন সাবেক অধিনায়ক একই ধরনের উদ্বেগ জানিয়ে চিঠি দিয়েছিলেন।

চিঠিতে সাবেক অধিনায়কেরা লিখেছেন, ‘রাজনীতিবিদ হিসেবে নয়, ক্রিকেট মাঠে গড়ে ওঠা সম্পর্কের জায়গা থেকে, সাবেক সহখেলোয়াড় ও প্রতিদ্বন্দ্বী হিসেবে এই আবেদন।’

তারা একই সঙ্গে স্পষ্ট করেছেন, পাকিস্তানের অভ্যন্তরীণ বিচারিক বা আইনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা তাদের উদ্দেশ্য নয়। বরং সাবেক ক্রিকেটার ও অধিনায়ক হিসেবে ইমরান খানের স্বাস্থ্য ও মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ থেকেই তারা এই আবেদন জানিয়েছেন।