রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রার সময় পুলিশের হামলার প্রতিবাদে অবস্থান গ্রহণ করেছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শাহবাগ শহীদ ওসমান হাদি চত্বরে তারা অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।
নেতাকর্মীরা ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘গোলামি না আজাদি, আজাদি-আজাদি’, ‘আমার ভাই রক্তাক্ত কেন, প্রশাসন জবাব চাই’, ‘ইনকিলাব-ইনকিলাব, জিন্দাবাদ-জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দেন। এই কারণে শাহবাগ মোড়ে তীব্র যানজট সৃষ্টি হয়, যদিও জাতীয় জাদুঘরের পাশের একটি অংশ দিয়ে সীমিতভাবে যান চলাচল সম্ভব হয়।
এর আগে দুপুরে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা হাদি হত্যার বিচারের দাবিতে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে যমুনা অভিমুখে যাত্রার ঘোষণা দেন। বিকেল ৩টা ৫০ মিনিটে তারা রওনা হলে পুলিশ তাদের ব্যারিকেড ভেঙে এগোতে বাধা দেয়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে।
পরবর্তীতে বাংলামোটর মোড়ে আন্দোলনকারীরা অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, ফাতেমা তাসনিম জুমাসহ কয়েকজন আহত হন এবং তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।