ঢাকার শাহবাগে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভের সময় পুলিশি বাধা ও লাঠিচার্জে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় ইনকিলাব মঞ্চ তার আজকের অবস্থান কর্মসূচি স্থগিত করেছে এবং শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।
গতকাল শুক্রবার দুপুরে আন্দোলনকারীরা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে যাত্রা করতে চাইলে পুলিশ তাদের থামায়। এরপর জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জের মাধ্যমে এলাকায় তীব্র সংঘর্ষের পরিবেশ তৈরি হয়।
সংগঠনের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে থেকে ভিডিও বার্তায় আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করেন, “আসন্ন নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে। আমরা আমাদের ভাইকে হারিয়েছি, তবুও আমরা চাই ১২ তারিখেই নির্বাচন হোক। তবে নির্বাচনের পর যে দলই ক্ষমতায় আসুক, হাদি হত্যার সুষ্ঠু বিচার না করলে আমরা রাজপথ ছাড়ব না।”
পরে পুলিশি হামলার প্রতিবাদে সন্ধ্যা থেকে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে গিয়ে লাঠিচার্জে কর্মসূচি ছত্রভঙ্গ করা হয়।