ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন আলোচিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী। কান্নাজড়িত কণ্ঠে তিনি অভিযোগ করেন, “প্রশাসনের বর্তমান ভূমিকার কারণে কোনো নির্বাচনই সম্ভব নয়।” তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
এদিকে, শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনরত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে নেতাকর্মীরা শাহবাগের ইন্টারকন্টিনেন্টাল হোটেল সংলগ্ন সড়ক থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, জলকামান, টিয়ারগ্যাস এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়।
এই সংঘর্ষে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের, রাকসুর জিএসসহ বেশ কয়েকজন আহত হন। আহতদের দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে তাদের চিকিৎসা চলছে। আহত আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, শান্তিপূর্ণভাবে বিচার দাবি জানাতে গেলে পুলিশ বিনা উসকানিতে হামলা চালিয়েছে।
সংঘর্ষের মধ্যেই ইনকিলাব মঞ্চ নির্বাচনের শৃঙ্খলা ও স্থায়িত্ব রক্ষায় হুঁশিয়ারি দিয়েছে। শুক্রবার রাত ৮টার পর ফেসবুক পোস্টে তারা জানায়, “নির্বাচন ১২ ফেব্রুয়ারি হতেই হবে। কোনভাবেই নির্বাচন বানচাল হতে দেওয়া যাবে না।”