ইরাকের শিয়া সমর্থিত রাজনৈতিক দল সুপ্রিম ইসলামিক কাউন্সিলের শীর্ষ নেতা হাম্মাম হামুদির কাছে একটি ব্যক্তিগত বার্তা পাঠিয়েছেন ইরানের নবনির্বাচিত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।
রোববার ২৯ মার্চ ইরানি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বাগদাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ কাজেম আল-সাদেক এক সৌজন্য সাক্ষাতের মাধ্যমে এই বিশেষ বার্তাটি হাম্মাম হামুদির হাতে পৌঁছে দেন।
উক্ত বৈঠকে ইরানি রাষ্ট্রদূত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নাজাফের শীর্ষ ধর্মীয় কর্তৃপক্ষ বা মারজাদের সাহসী ও সুষ্পষ্ট অবস্থানের প্রতি বিশেষ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সেই সাথে যুদ্ধকালীন এই সংকটে আর্থিক সহায়তা প্রদান এবং সংহতি সমাবেশের মাধ্যমে ইরাকি সাধারণ জনগণ ইরানের প্রতি যে অভূতপূর্ব সমর্থন ও ভ্রাতৃত্ব প্রদর্শন করেছেন, তার জন্য সর্বোচ্চ নেতার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
উল্লেখ্য যে, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক আগ্রাসনের মুখে ইরানের তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রাণ হারান। তাঁর শাহাদাতের পর পুত্র মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন। তবে দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত তিনি জনসমক্ষে উপস্থিত হননি। এমনকি তাঁর কোনো সরাসরি ভিডিও বা অডিও বার্তা এখনো প্রকাশিত হয়নি। বর্তমানে বিভিন্ন গুরুত্বপূর্ণ সভায় তাঁর লিখিত বার্তাগুলোই প্রতিনিধিদের মাধ্যমে পাঠ করে শোনানো হচ্ছে।