শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

ইরান যুদ্ধ বন্ধে পাকিস্তানে বৈঠক শুরু

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের মুখে ইরানের পাল্টা প্রতিরোধের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য জুড়ে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা নিরসনে অবশেষে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাত রোববার ৩০তম দিনে পদার্পণ করেছে। দীর্ঘ এক মাস ধরে চলা এই লড়াই বন্ধে মধ্যস্থতাকারী দেশগুলো পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক বিশেষ বৈঠকে মিলিত হয়েছে।

ইরান যুদ্ধ বন্ধে পাকিস্তানে বৈঠক শুরু
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের মুখে ইরানের পাল্টা প্রতিরোধের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য জুড়ে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা নিরসনে অবশেষে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাত রোববার(২৯ মার্চ) ৩০তম দিনে পদার্পণ করেছে। দীর্ঘ এক মাস ধরে চলা এই লড়াই বন্ধে মধ্যস্থতাকারী দেশগুলো পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক বিশেষ বৈঠকে মিলিত হয়েছে। 

ইসলামাবাদে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা অংশগ্রহণ করেন। যুদ্ধ বিরতি এবং শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে চার দেশের প্রতিনিধিরা আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছেন। বর্তমানে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার উত্তেজনা প্রশমনে এই চারটি দেশ প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে।

বৈঠকে মূলত ইরান ও আমেরিকার মধ্যকার সংঘাত থামানোর বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার প্রস্তাবটিও বিশেষ গুরুত্ব পায়। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে ওয়াশিংটন ও তেহরানকে তার দেশে আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছিলেন। তার সেই প্রস্তাবটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে পুনরায় শেয়ার করে ইতিবাচক সংকেত দিয়েছিলেন।

রোববারের এই বৈঠকের পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সংবাদমাধ্যমকে জানান, শত্রুভাবাপন্ন দুই পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনার পরিবেশ সৃষ্টি করতে পারলে পাকিস্তান নিজেকে ধন্য মনে করবে। তিনি আরও উল্লেখ করেন যে, শান্তি স্থাপনের এই প্রচেষ্টায় বৈঠকে উপস্থিত অপর তিন দেশের প্রতিনিধিরা পূর্ণ সমর্থন জ্ঞাপন করেছেন।