সোমবার, 26 অক্টোবর 2026
সকল বিভাগ

ইরান যুদ্ধ ইস্যুতে সর্বদলীয় বৈঠক ডাকল ভারত

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত এবং এর প্রবাদে মধ্যপ্রাচ্যে তৈরি হওয়া অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে আলোচনার লক্ষ্যে সর্বদলীয় বৈঠক আহ্বান করেছে ভারত সরকার।

ইরান যুদ্ধ ইস্যুতে সর্বদলীয় বৈঠক ডাকল ভারত
ছবিঃ সংগৃহীত

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত এবং এর প্রবাদে মধ্যপ্রাচ্যে তৈরি হওয়া অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে আলোচনার লক্ষ্যে সর্বদলীয় বৈঠক আহ্বান করেছে ভারত সরকার।

বুধবার স্থানীয় সময় বিকেল ৫টায় এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই বৈঠকে সভাপতিত্ব করবেন বলে দেশটির সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করেছে। সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ সরকারের শীর্ষ পর্যায়ের মন্ত্রীরা উপস্থিত থাকবেন। এছাড়া পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বৈঠকে অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও মন্ত্রীদের যুদ্ধের বর্তমান প্রেক্ষাপট ও সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরবেন।

ঘটনার প্রেক্ষাপট বিশ্লেষণে জানা যায়, ইরানের পারমাণবিক কার্যক্রম ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি কেন্দ্র করে গত ফেব্রুয়ারি মাসে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ২১ দিনব্যাপী দীর্ঘ আলোচনা চলে। তবে ২৭ ফেব্রুয়ারি কোনো সুনির্দিষ্ট সমঝোতা ছাড়াই সেই সংলাপ শেষ হয়। এর পরদিনই অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি থেকে মার্কিন বাহিনী ইরানে অপারেশন এপিক ফিউরি নামক সামরিক অভিযান শুরু করে। একই সময়ে ইসরায়েলি বাহিনীও অপারেশন রোয়ারিং লায়ন নামে ইরানে হামলা পরিচালনা করে। এসব যৌথ হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি এবং আইআরজিসির শীর্ষ কমান্ডার মোহাম্মদ পাকপৌরসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা প্রাণ হারান। সংঘাতের ফলে এ পর্যন্ত ইরানে দুই সহস্রাধিক মানুষের মৃত্যু হয়েছে এবং দেশটির অসংখ্য সামরিক ও বেসামরিক স্থাপনা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে।

অন্যদিকে ইরানও বসে নেই, তারা পাল্টা জবাব হিসেবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, আরব আমিরাত ও ওমানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। এই যুদ্ধের সরাসরি প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহে বিঘ্ন ঘটায় বর্তমানে বিশ্বের অনেক দেশই সংকটে পড়েছে। বৈশ্বিক এই চাপের মুখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন যুদ্ধবিরতির প্রস্তাবনা নিয়ে এগোচ্ছে, যেখানে ওয়াশিংটন মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানকে দায়িত্ব দিয়েছে। যুদ্ধবিরতির লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের মাধ্যমে তেহরানের কাছে ১৫ দফার একটি প্রস্তাব পাঠিয়েছেন।

তবে এই সংকটে ভারতের ভূমিকাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে ইরান। দিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতাহি এক বিবৃতিতে জানিয়েছেন, তেহরান চায় মধ্যস্থতার এই প্রক্রিয়ায় ভারতও সরাসরি যুক্ত থাকুক। তার মতে, ইরানের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু হিসেবে ভারত এই সংঘাত থামাতে অত্যন্ত নির্ভরযোগ্য এবং কার্যকর ভূমিকা পালন করতে পারবে বলে তেহরান মনে করে। আজকের সর্বদলীয় বৈঠকে ভারতের এই সম্ভাব্য কূটনৈতিক অবস্থান নিয়েও বিস্তারিত আলোচনা হতে পারে।