বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন কর্মকর্তা

ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের আনুমানিক ২৫ বিলিয়ন ডলার বা প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। বুধবার মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনের প্রধান বাজেট কর্মকর্তা হাউসের আইনপ্রণেতাদের কাছে এই ব্যয়ের খতিয়ান তুলে ধরেন।

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন কর্মকর্তা
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের আনুমানিক ২৫ বিলিয়ন ডলার বা প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। বুধবার মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনের প্রধান বাজেট কর্মকর্তা হাউসের আইনপ্রণেতাদের কাছে এই ব্যয়ের খতিয়ান তুলে ধরেন। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমান সংঘাতের সামরিক খরচের বিষয়ে এটিই প্রথম আনুষ্ঠানিক কোনো সরকারি তথ্য।

হাউস আর্মড সার্ভিসেস কমিটির প্রতিনিধিদের সামনে প্রতিরক্ষা দপ্তরের কমপট্রোলার জে হার্স্ট জানান, অপারেশন এপিক ফিউরি নামক এই অভিযানে এ পর্যন্ত হওয়া খরচের সিংহভাগ ব্যয় হয়েছে যুদ্ধাস্ত্র ও গোলাবারুদ খাতে। এছাড়া ব্যয়ের বাকি অংশটি সামরিক কার্যক্রম পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজে ব্যবহার করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের মাত্র ছয় মাস আগে এই বিপুল ব্যয়ের খবরটি সামনে এলো। যখন রিপাবলিকানরা হাউসে নিজেদের কর্তৃত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে, তখন জনমতে সুবিধাজনক অবস্থানে থাকা ডেমোক্র্যাটরা কৌশলী অবস্থান নিয়েছেন। তারা যুদ্ধের এই আকাশচুম্বী খরচকে দেশের বর্তমান অর্থনৈতিক সংকটের কারণ হিসেবে চিহ্নিত করে জনসমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর ট্রাম্প প্রশাসনের কোনো উচ্চপদস্থ কর্মকর্তার পক্ষ থেকে ব্যয়ের হিসাব নিয়ে এটিই প্রথম কোনো প্রকাশ্য বিবরণ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ অবশ্য এই যুদ্ধ কতদিন চলবে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট সময়সীমা জানাতে রাজি হননি। যদিও চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরাসরি আক্রমণাত্মক অবস্থান থেকে কিছুটা সরে এসেছে, তবে উভয় পক্ষই এখন একে অপরের ওপর ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করছে। এর পাশাপাশি ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর অব্যাহত অবরোধের জবাবে তেহরানও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে রেখেছে।