শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

ইরানের বন্দর নগরীতে শক্তিশালী বিস্ফোরণ!

ইরানের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসে একটি আটতলা আবাসিক ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ইরানের বন্দর নগরীতে শক্তিশালী বিস্ফোরণ!
ছবি: সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসে একটি আটতলা আবাসিক ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে মোয়াল্লেম বুলেভার্ড এলাকায় অবস্থিত এই ভবনে বিস্ফোরণের তীব্রতায় ভবনের দুটি তলা বিধ্বস্ত হয়ে যায়। পাশাপাশি নিকটস্থ কয়েকটি দোকান ও যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছেন এবং একটি শিশুর প্রাণহানি ঘটেছে।

বিস্ফোরণের সঙ্গে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরির কোনো সরাসরি সংযোগ রয়েছে কি না, এমন গুজব সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ ও ফারস নিউজ এই দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়েছে, কমান্ডার তাংসিরি সম্পূর্ণ নিরাপদ এবং সুস্থ আছেন। তেহরান আরও জানিয়েছে, ইসরায়েল সম্পর্কিত কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে এই গুজব ছড়াচ্ছে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও জরুরি ত্রাণ কর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন। বন্দর আব্বাসের ফায়ার সার্ভিস প্রধান জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত ভবন থেকে সকল বাসিন্দাকে নিরাপদভাবে সরিয়ে নেওয়া হয়েছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও নির্ধারণ করা যায়নি, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার তদন্ত চালাচ্ছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই বিস্ফোরণ আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে। তবে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে বিদেশি গণমাধ্যম জানিয়েছে, এই ঘটনায় তাদের কোনো সংশ্লিষ্টতা নেই।