মধ্যপ্রাচ্যের সংঘাতের অভিঘাত এবার ছুঁয়ে গেল দক্ষিণ এশিয়ার ভূস্বর্গখ্যাত ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরকে। ইরানের প্রতি সংহতি জানাতে বদগাম জেলার বাসিন্দারা গড়ে তুলেছেন এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ—নিজেদের স্বর্ণালংকার, রুপা ও নগদ অর্থ তুলে দিচ্ছেন যুদ্ধবিধ্বস্ত মানুষের সহায়তায়।
সংবাদ সংস্থা ANI প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, বদগামের একটি কমিউনিটি হলে বিপুলসংখ্যক মানুষ একত্রিত হয়েছেন। সেখানে সাধারণ মানুষ তাঁদের সঞ্চিত অর্থ ও মূল্যবান গয়না একটি তহবিলে জমা দিচ্ছেন। এই উদ্যোগকে শুধু আর্থিক সহায়তা নয়, বরং আন্তর্জাতিক মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি গভীর সহমর্মিতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে।
শুধু সাধারণ মানুষই নয়, এ উদ্যোগে অংশ নিয়েছেন রাজনৈতিক নেতারাও। বদগামের স্থানীয় বিধায়ক মুনতাসির মেহদি এই সংকটে ইরানের জনগণের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ত্রাণ সহায়তার জন্য নিজের এক মাসের পূর্ণ বেতন দান করবেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, ‘এই কঠিন সময়ে আমি ইরানের জনগণের পাশে দাঁড়িয়েছি। সহায়তার একটি ক্ষুদ্র পদক্ষেপ হিসেবে আমি আমার এক মাসের বেতন ত্রাণ তহবিলে প্রদান করছি। সবকিছুর ঊর্ধ্বে আমাদের মানবতাকে স্থান দেওয়া উচিত।’
তিনি পোস্টে #KashmirWithIran এবং #StandWithIran হ্যাশট্যাগ ব্যবহার করে যুদ্ধের প্রভাব নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগও প্রকাশ করেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের এই সংঘাত কেবল রাজনৈতিক সীমাবদ্ধতায় আবদ্ধ নয়, বরং এটি একটি গভীর মানবিক সংকট। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে ঘিরে হামলার আশঙ্কা এবং ক্রমবর্ধমান সামরিক তৎপরতা বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিয়ে বৈশ্বিক উদ্বেগ তৈরি করেছে। এই প্রেক্ষাপটে কাশ্মীরের মানুষের সংহতি দেখাচ্ছে, আন্তর্জাতিক সংঘাতের প্রতিধ্বনি সীমান্ত পেরিয়ে দূরবর্তী মানুষের হৃদয়েও প্রভাব ফেলে।
বিশ্লেষকদের মতে, বদগামের এই উদ্যোগ বিশ্বজুড়ে যুদ্ধবিরোধী মনোভাব ও মানবিক চেতনারই প্রতিফলন। সংগৃহীত সহায়তা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে ইরানের ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।