সোমবার, 26 অক্টোবর 2026
সকল বিভাগ

ইরানের যে ৫ শর্ত মানলে বন্ধ হবে যুদ্ধ

মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী সংঘাত থামাতে এবার কড়া শর্তের পাল্টা কৌশল নিয়েছে ইরান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে পাঁচ দফা কঠিন শর্ত উত্থাপন করেছে তেহরান।

ইরানের যে ৫ শর্ত মানলে বন্ধ হবে যুদ্ধ
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী সংঘাত থামাতে এবার কড়া শর্তের পাল্টা কৌশল নিয়েছে ইরান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে পাঁচ দফা কঠিন শর্ত উত্থাপন করেছে তেহরান।

সোমবার হিব্রু সংবাদমাধ্যমগুলোর বরাতে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ সংস্থা এ তথ্য প্রকাশ করে। গত ফেব্রুয়ারির শেষভাগে শুরু হওয়া সংঘাত বর্তমানে জটিল ও অনিশ্চিত এক পর্যায়ে পৌঁছেছে।

ইসরায়েলি টেলিভিশন চ্যানেল Channel 12–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত পরোক্ষ আলোচনার প্রেক্ষিতেই ইরান এসব শর্ত সামনে এনেছে। যদিও ওয়াশিংটন শান্তি প্রতিষ্ঠার বার্তা দিচ্ছে, তেহরান স্পষ্ট করে জানিয়েছে—নির্দিষ্ট দাবি পূরণ ছাড়া যুদ্ধ বন্ধে তারা রাজি নয়।

ইরানের পাঁচ শর্ত:

১. স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা:

ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, সাময়িক বিরতি নয়—যুদ্ধ আর পুনরায় শুরু হবে না, এমন একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক গ্যারান্টি প্রয়োজন।

২. হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ:

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী–তে নতুন কাঠামো প্রতিষ্ঠার দাবি জানিয়েছে তেহরান, যার ফলে ওই অঞ্চলে কার্যত তাদের পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত হবে।

৩. মার্কিন সামরিক ঘাঁটি প্রত্যাহার:

মধ্যপ্রাচ্যজুড়ে বিস্তৃত মার্কিন ঘাঁটিগুলো স্থায়ীভাবে বন্ধ করার দাবি তুলেছে ইরান।

৪. আর্থিক ক্ষতিপূরণ:

চলমান সংঘাতে অবকাঠামো ও অর্থনীতিতে যে ব্যাপক ক্ষতি হয়েছে, তার জন্য উপযুক্ত ক্ষতিপূরণ চেয়েছে দেশটি।

৫. সংবাদমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা:

তেহরানবিরোধী অপপ্রচার চালানো গণমাধ্যম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিচারিক পদক্ষেপ নেওয়ার শর্ত দেওয়া হয়েছে। পাশাপাশি শত্রুভাবাপন্ন ব্যক্তিদের ইরানের হাতে হস্তান্তরের দাবিও জানানো হয়েছে।

এর আগে হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ওয়াশিংটন বেশ কিছুদিন ধরে তেহরানের সঙ্গে নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছে। তার ভাষায়, ‘ইরান এবার আলোচনার বিষয়টিকে বেশ গুরুত্ব দিচ্ছে।’

তবে ইরানের এই কঠোর শর্তগুলো ওয়াশিংটন ও তেল আবিব কতটা গ্রহণ করবে, তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গভীর অনিশ্চয়তা বিরাজ করছে। ফলে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এখন এই পাঁচ দফা শর্ত ও যুদ্ধক্ষেত্রের বাস্তবতার মাঝামাঝি অবস্থায় ঝুলে আছে।