বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

ইরানিদের জন্য গয়না-বাসনপত্রের মতো সাহায্য তুলছে ভারতীয়রা

মধ্যপ্রাচ্যের চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মানবিকতার এক অনন্য নজির স্থাপন করেছে ভারত। সংঘাতকবলিত ইরানের সাধারণ নাগরিকদের সহায়তায় ভারত সরকার যেমন ওষুধ ও ত্রাণসামগ্রী পাঠাচ্ছে, তেমনি দেশটির সাধারণ মানুষও ব্যক্তিগত সঞ্চয়, গয়না এমনকি স্থাবর সম্পত্তি দান করে পাশে দাঁড়াচ্ছেন। ভারতীয়দের এই অভূতপূর্ব সহায়তার জন্য দিল্লিতে অবস্থিত ইরানি দূতাবাস গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

ইরানিদের জন্য গয়না-বাসনপত্রের মতো সাহায্য তুলছে ভারতীয়রা
ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মানবিকতার এক অনন্য নজির স্থাপন করেছে ভারত। সংঘাতকবলিত ইরানের সাধারণ নাগরিকদের সহায়তায় ভারত সরকার যেমন ওষুধ ও ত্রাণসামগ্রী পাঠাচ্ছে, তেমনি দেশটির সাধারণ মানুষও ব্যক্তিগত সঞ্চয়, গয়না এমনকি স্থাবর সম্পত্তি দান করে পাশে দাঁড়াচ্ছেন। ভারতীয়দের এই অভূতপূর্ব সহায়তার জন্য দিল্লিতে অবস্থিত ইরানি দূতাবাস গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

সরকারি পর্যায়ে তেহরানে বিপুল পরিমাণ চিকিৎসা সরঞ্জাম ও জরুরি ত্রাণ পাঠানো হয়েছে। অন্যদিকে জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ এবং কেরালাসহ ভারতের বিভিন্ন প্রান্ত থেকে অভাবনীয় সাড়া পাওয়া যাচ্ছে। দিল্লির দূতাবাস জানিয়েছে, সাধারণ মানুষ শুধু নগদ অর্থই নয়, ঘরের ঐতিহ্যবাহী তামা ও পিতলের বাসনপত্র এবং স্বর্ণালঙ্কারও দান করছেন। এমনকি মিরাটের তিন ভাই ইরানে হামলায় নিহত শিশুদের পরিবারের সহায়তায় ১৫ লাখ টাকা মূল্যের একটি জমি দান করেছেন, যা নিলাম করে প্রাপ্ত অর্থ ক্ষতিগ্রস্তদের মাঝে বিলিয়ে দেওয়া হবে।

গত সোমবার মাশহাদ বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় ত্রাণবাহী একটি ইরানি বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্যমতে, ওই বিমানটিতে ভারত থেকে পাঠানো ওষুধ ও মানবিক সহায়তা থাকার কথা ছিল। এই সংঘাতময় পরিস্থিতিতে ভারত শুরু থেকেই গভীর উদ্বেগ প্রকাশ করে আসছে। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানানোর পাশাপাশি ভারত সব পক্ষকে সংযম প্রদর্শনের অনুরোধ করেছে।

সহমর্মিতার এই মিছিলে শিশুদের অংশগ্রহণও নজর কেড়েছে। দিল্লির ইরানি দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মাটির ব্যাংক ও ফুলের ছবি প্রকাশ করে জানিয়েছে, এক শিশু তার তিলে তিলে জমানো সব অর্থ দুর্গতদের জন্য দিয়ে দিয়েছে। কাশ্মীরের শিয়া অধ্যুষিত এলাকাগুলোতে স্বেচ্ছাসেবীরা বাড়ি বাড়ি গিয়ে অর্থ ও গবাদি পশু সংগ্রহ করছেন।

প্রযুক্তিগত সমস্যার কারণে বর্তমানে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে অনুদান গ্রহণে কিছুটা বিঘ্ন ঘটছে বলে জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। এই সমস্যা সমাধানে কাজ চলার পাশাপাশি আগ্রহী দাতাদের সরাসরি দূতাবাসে গিয়ে নগদ অর্থ প্রদানের অনুরোধ জানানো হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতার প্রয়াণে শোক প্রকাশের পাশাপাশি এই মানবিক সহায়তা কার্যক্রম দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।