তেহরানের ওপর কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী দুই দিনের মধ্যে ইরানকে হয় একটি চুক্তিতে আসতে হবে অথবা হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে। অন্যথায় দেশটির ওপর ভয়াবহ পরিণতি বা ‘জাহান্নাম’ নেমে আসবে বলে কঠোর বার্তা দিয়েছেন তিনি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি এই কড়া সতর্কবার্তা দেন।
ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন, ইতিপূর্বে তিনি ইরানকে একটি সমঝোতায় পৌঁছানো কিংবা হরমুজ প্রণালি উন্মুক্ত করার বিষয়ে দশ দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন। সেই নির্দিষ্ট সময়ের মেয়াদ এখন শেষের দিকে। বর্তমান পরিস্থিতির কথা মনে করিয়ে দিয়ে তিনি লেখেন, ইরানকে দেওয়া সেই আলটিমেটামের আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি রয়েছে। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে তাদের ওপর দোজখের আগুনের মতো ভয়াবহ বিপর্যয় নেমে আসবে।
ইরান বিষয়ক এই চরম বার্তার কিছুক্ষণ আগেই ট্রাম্প অপর এক পোস্টে মার্কিন অর্থনীতির ভবিষ্যৎ ও শুল্ক আরোপের ইতিবাচক দিক নিয়ে আলোচনা করেন। তবে পরবর্তী পোস্টে তার পুরো মনোযোগ ছিল ইরানের ওপর চাপ সৃষ্টি করা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথের নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের এই অনমনীয় অবস্থান মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে নতুন করে উত্তেজনার পারদ বাড়িয়ে দিয়েছে। সংশ্লিষ্ট মহলে এখন দেখার বিষয়, সময়সীমা শেষে ওয়াশিংটন ঠিক কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে।