ড. আলী লারিজানি হত্যার বদলা নিতে ইসরায়েলের অভ্যন্তরে ব্যাপক সামরিক অভিযান চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
বুধবার তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’ এর অংশ হিসেবে তেল আবিবসহ দখলকৃত ভূখণ্ডের ১০০টিরও বেশি গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। একইসঙ্গে ইসরায়েলের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে পরিচিত পাঁচটি প্রধান বিদ্যুৎকেন্দ্রেও বড় ধরনের হামলার পরিকল্পনা করছে ইরান।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, আইআরজিসি এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে এই প্রতিশোধমূলক অভিযানের ৬১তম ধাপে খোররামশাহর-৪, গদর, এমাদ এবং খেইবার শেকান ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। বিবৃতিতে দাবি করা হয়, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক সচিব ড. লারিজানিকে হত্যার বিচার নিশ্চিত করতেই এই জোরালো পদক্ষেপ নেওয়া হয়েছে। দখলদার বাহিনীর অত্যাধুনিক ও বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিয়ে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হেনেছে বলে আইআরজিসি দাবি করেছে।
মাঠপর্যায়ের তথ্যের বরাতে জানানো হয়েছে, এই আকস্মিক ও তীব্র হামলার ফলে তেল আবিবে আংশিক বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে এবং অন্তত ২৩০ জন ইসরায়েলি হতাহত হয়েছে। তেল আবিব ছাড়াও পবিত্র আল-কুদস, হাইফা বন্দর, প্রযুক্তি কেন্দ্র বেয়ার শেভা এবং নেগেভ মরুভূমির কৌশলগত স্থাপনাগুলোতে আঘাত হানা হয়েছে। পাশাপাশি কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোও ইরানের এই তীব্র প্রতিশোধমূলক রোষানলে পড়েছে বলে জানানো হয়।
এদিকে, ইসরায়েলের মোট বিদ্যুৎ চাহিদার অর্ধেকেরও বেশি জোগান দেওয়া পাঁচটি বিশাল তাপবিদ্যুৎকেন্দ্র এখন তেহরানের নিশানায় রয়েছে। শাহাদা স্কয়ারের বিদ্যুৎ স্থাপনায় ইসরায়েলি হামলার পাল্টা জবাব হিসেবে এই পরিকল্পনা সাজানো হয়েছে। সম্ভাব্য লক্ষ্যবস্তুগুলোর তালিকায় রয়েছে হাদেরার ওরোট রবিন (২৫৯০ মেগাওয়াট), আশকেলনের রুটেনবার্গ (২২৫০ মেগাওয়াট), ইয়োকনিয়ামের হাগিত (১৩৭১ মেগাওয়াট), আশদোদ এলাকার এশকোল (৯১২ মেগাওয়াট) এবং কিরিয়াত মালাখির বেসরকারি হারুভিত বিদ্যুৎকেন্দ্র (৯০০ মেগাওয়াট)। বিশ্লেষকদের মতে, এই কেন্দ্রগুলোতে সামান্য বিঘ্ন ঘটলেই পুরো ইসরায়েলি গ্রিড অচল হয়ে পড়বে, যা দেশটির অর্থনীতি ও নিরাপত্তার জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে।