নেত্রকোনায় সাম্প্রতিক বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে এবং এর নেপথ্যের উসকানিদাতাদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবিতে নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনারে এক মানববন্ধনের আয়োজন করে খেলাফত ছাত্র আন্দোলন। শনিবার বিকেলে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নিয়ে বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী মুহাম্মাদ আবদুর রহীম রুহী দাবি করেন, বর্তমান সরকারের সহনশীলতা ও প্রধানমন্ত্রীর উদারতাকে রাজনৈতিক দুর্বলতা ভেবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার সহযোগীরা দেশের বিভিন্ন স্থানে পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে। বিগত রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করে তিনি দলটিকে দেশ ও ধর্মীয় মূল্যবোধের প্রধান বিরোধী পক্ষ হিসেবে অভিহিত করেন।
সমাবেশে খেলাফত আন্দোলনের এই শীর্ষ নেতা অভিযোগ করেন, বিগত প্রায় দুই দশকে বিদায়ী সরকার দেশের হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ ও আলেম-উলামাকে হত্যা করেছে, অসংখ্য রাজনৈতিক কর্মীকে চিরদিনের জন্য পঙ্গু করে দিয়েছে। তিনি পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করে দেশের সীমান্ত নিরাপত্তাকে দুর্বল করা, ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনা, গোপন বন্দিশালা বা আয়না ঘরে বছরের পর বছর মানুষকে আটকে রেখে নির্যাতন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে বিপুল সংখ্যক ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার তীব্র সমালোচনা করেন।
তিনি আরও বলেন, বিগত দিনগুলোতে রাজনৈতিক প্রতিপক্ষ ও বিভিন্ন ইসলামি ঘরানার দলগুলোর নেতাকর্মীদের ওপর নির্বিচার মামলা, হামলা ও কারাদণ্ড দিয়ে জীবন বিপন্ন করা হয়েছিল। শিক্ষাঙ্গনগুলোতে অস্ত্রের দাপট ও মাদকের বিস্তার ঘটিয়ে পড়াশোনার পরিবেশ ধ্বংস করার পাশাপাশি দলটির শীর্ষ নেতৃবৃন্দ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিয়েছিল বলে তিনি উল্লেখ করেন। রাষ্ট্রীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে দীর্ঘদিন জুলুম চালানোর পর এই দলটির বাংলাদেশে আর রাজনীতি করার কোনো নৈতিক অধিকার নেই বলে তিনি মন্তব্য করেন।
আসন্ন ২৩ জুন দলটির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশজুড়ে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির একটি পরিকল্পনা রয়েছে বলে বিভিন্ন গোয়েন্দা সূত্রের বরাতে দাবি করেন গাজী আবদুর রহীম। এই বিষয়ে দেশের সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি তিনি দুর্বল পররাষ্ট্রনীতির কারণে সীমান্তে বাংলাদেশিদের নিহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং সীমান্তরক্ষী বাহিনীকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় কঠোর ও পাল্টা জবাব দেওয়ার আহ্বান জানান।
উক্ত প্রতিবাদী মানববন্ধনে এনসিপির কেন্দ্রীয় নেতা ফাহিম রহমান খান পাঠান, জেলা খেলাফত আন্দোলনের নেতা মাওলানা আব্দুর রউফ, মাওলানা আব্দুস সালাম এবং মাওলানা মোস্তফা জিহাদী বক্তব্য রাখেন। এছাড়াও খেলাফত যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতী মুসা শেখ, খেলাফত ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মাওলানা আব্দুল মোতালিব খান, ছাত্রনেতা মাওলানা বীন ইয়ামিন রুমী, মাওলানা শরিফুল ইসলাম, মাওলানা আব্দুল ওয়াদুদ এবং ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জেলা নেতা মারুফ বিল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য প্রদান করেন।