শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

ইউক্রেনকে বৈধ লক্ষ্যবস্তু ঘোষণা ইরানের, রাশিয়ার প্রকাশ্য সমর্থন

ইসরায়েলকে ড্রোন সহায়তা দেওয়ার অভিযোগ তুলে ইউক্রেনের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছে ইরান। তেহরান বলছে, এটি হবে আত্মরক্ষামূলক ব্যবস্থা। একই সময় চলমান সংঘাতের প্রেক্ষাপটে প্রকাশ্যে ইরানের প্রতি সমর্থন জানিয়েছে রাশিয়া।

ইউক্রেনকে বৈধ লক্ষ্যবস্তু ঘোষণা ইরানের, রাশিয়ার প্রকাশ্য সমর্থন
ইরানের সংসদীয় জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি বিষয়ক কমিটির প্রধান ইব্রাহিম আজিজি। ছবি: সংগৃহীত

ইসরায়েলকে ড্রোন সহায়তা দেওয়ার অভিযোগ তুলে ইউক্রেনের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছে ইরান। তেহরান বলছে, এটি হবে আত্মরক্ষামূলক ব্যবস্থা। একই সময় চলমান সংঘাতের প্রেক্ষাপটে প্রকাশ্যে ইরানের প্রতি সমর্থন জানিয়েছে রাশিয়া।

শনিবার (১৪ মার্চ) ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছে, কিয়েভ এখন সেই সংঘাতের অংশে পরিণত হয়েছে।

তার বক্তব্যে আজিজি দাবি করেন, ইসরায়েলি শাসনগোষ্ঠীকে ড্রোন এবং বিমান বিধ্বংসী সরঞ্জাম সরবরাহের মাধ্যমে ইউক্রেন কার্যত এই যুদ্ধে যুক্ত হয়েছে। তার মতে, এর ফলে পরিস্থিতি নতুন মাত্রা পেয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইরান আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারে। সে ক্ষেত্রে প্রয়োজনে ইউক্রেনের যেকোনো স্থানে আঘাত হানার বৈধ অধিকার তেহরানের রয়েছে বলে দাবি করেন তিনি।

ইব্রাহিম আজিজি ইউক্রেনের বর্তমান সরকারকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বলেও আখ্যা দেন। তার মতে, ইউক্রেনের এই সিদ্ধান্তের ফলে দেশটি ইরানের সম্ভাব্য সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।