শনিবার, 24 অক্টোবর 2026
সকল বিভাগ

ইউনূসের ‘ভিভিআইপি’ মর্যাদা ৬ মাস কমল

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ‘ভেরি ভেরি ইমপরট্যান্ট পারসন’ (ভিভিআইপি) মর্যাদার মেয়াদ ছয় মাস কমিয়ে দিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০ আগস্টের পর তিনি আর এই মর্যাদা ও সংশ্লিষ্ট সুবিধা পাবেন না বলে উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে।

ইউনূসের ‘ভিভিআইপি’ মর্যাদা ৬ মাস কমল
অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ‘ভেরি ভেরি ইমপরট্যান্ট পারসন’ (ভিভিআইপি) মর্যাদার মেয়াদ ছয় মাস কমিয়ে দিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০ আগস্টের পর তিনি আর এই মর্যাদা ও সংশ্লিষ্ট সুবিধা পাবেন না বলে উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে।

১০ ফেব্রুয়ারি জারি করা এক প্রজ্ঞাপনে তাকে দায়িত্ব হস্তান্তরের পর এক বছরের জন্য ভিভিআইপি হিসেবে এসএসএফ নিরাপত্তা দেওয়ার কথা ছিল। তবে বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) আইনের আওতায় সেই সুবিধা পুনর্মূল্যায়ন করে মেয়াদ কমিয়ে ছয় মাস নির্ধারণ করা হয়েছে। ফলে ১০ আগস্ট পর্যন্ত তিনি এসএসএফের নিরাপত্তা ও প্রটোকল সুবিধা পাবেন।

এর আগে ২০২৪ সালের আগস্টে দায়িত্ব নেওয়ার পর প্রায় ১৮ মাস দায়িত্ব পালনের পর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তিনি প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ান। দায়িত্ব ছাড়ার কয়েক দিন আগে তিনি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেন। পরে ১০ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট গেজেট জারি করা হয়, যা ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন আগে প্রকাশিত হয়। তবে সেই গেজেট বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ের (বিজি প্রেস) ওয়েবসাইটে পাওয়া যায়নি।

সূত্র আরও জানায়, তখনকার প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লা পান্নার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছিল, বিশেষ নিরাপত্তা বাহিনী আইনের ক্ষমতাবলে ড. মুহাম্মদ ইউনূসকে দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে এক বছরের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

বর্তমান নিরাপত্তা বিধান অনুযায়ী তিনি ভিভিআইপি হিসেবে এসএসএফের নিরাপত্তা পাচ্ছেন। তার বাসভবন ও কর্মস্থলে নিরাপত্তা দায়িত্বে রয়েছে এসএসএফ সদস্যরা। এছাড়া তার অংশগ্রহণে যেকোনো অনুষ্ঠানে নিরাপত্তা তল্লাশি পরিচালিত হয় এবং বিদেশ সফরের সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রায় ১৮ মাস দায়িত্ব পালনের পর তিনি গত ২৮ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ত্যাগ করেন।