আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে নিজের অবস্থান শক্ত করতে রিকশা প্রতীক নিয়ে ব্যাপক প্রচারণায় নেমেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মো. মামুনুল হক। সোমবার (২৬ জানুয়ারি) দ্বিতীয় দিনের মতো অনুষ্ঠিত এই ‘জাগরণী পদযাত্রায়’ তিনি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একাধিক পথসভায় বক্তব্য রাখেন।
এদিন বিকেলে মোহাম্মদপুর বিআরটিসি বাসস্ট্যান্ড থেকে পদযাত্রাটি শুরু হয়। এরপর এটি বসিলা, মেট্রো হাউজিং, ধানমন্ডি, ওয়েস্ট ধানমন্ডি, বসিলা সিটি ডেভেলপার্স ও গার্ডেন সিটিসহ নবীনগর হাউজিং, চন্দ্রিমা উদ্যান ও সাতমসজিদ হাউজিং প্রদক্ষিণ করে ঢাকা উদ্যানে গিয়ে শেষ হয়।
পথসভাগুলোতে উপস্থিত জনতার উদ্দেশে মামুনুল হক রাজনৈতিক দলগুলোর দ্বিচারিতার সমালোচনা করেন। তিনি বলেন, জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা থাকলে রাজনৈতিক দলগুলোর উচিত হবে আসন্ন গণভোটের ক্ষেত্রে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে স্পষ্ট অবস্থান নেওয়া। মুখে এক কথা আর অন্তরে অন্য কথা রেখে ‘মুনাফিকির রাজনীতি’র দিন শেষ হয়ে গেছে বলে তিনি মন্তব্য করেন।
এলাকার দখলদারিত্ব ও ভূমিদস্যুতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সরকারি জমি দখল করে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার কারণে ভবিষ্যৎ প্রজন্ম খেলার মাঠ ও মুক্ত বাতাস থেকে বঞ্চিত হচ্ছে। নির্বাচিত হলে এই দখল-বাণিজ্য ও চাঁদাবাজি শক্ত হাতে দমন করার প্রতিশ্রুতি দেন তিনি।
মাওলানা মামুনুল হক রাজনৈতিক দলগুলোকে নিজেদের অভ্যন্তরে সংস্কার আনার আহ্বান জানিয়ে বলেন, যারা সাধারণ মানুষকে জিম্মি করে রাজনীতি করে, তাদের দল থেকে বাদ দিতে হবে। তার পরিবর্তে শিক্ষিত ও নীতিবান ব্যক্তিদের নেতৃত্বে নিয়ে আসা এখন সময়ের দাবি। তরুণ প্রজন্মের বিপ্লবের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, বাংলাদেশে আর কোনো গুন্ডামির রাজনীতি বরদাশত করা হবে না।