ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেট বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ফ্রান্সের প্রতিনিধি দলে রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি রাষ্ট্রদূত ফ্রেদেরিক ইনজা ও অর্থনৈতিক উপদেষ্টা জুলিয়েন ডিউর। অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই আলোচনায় মূলত বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত আলাপ হয়। এ সময় উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়েও আলোকপাত করা হয়।
সাক্ষাৎকালে নেতারা বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। ভবিষ্যতে দুই দেশের মধ্যে এই সম্পর্ক এবং সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।
ডা. শফিকুর রহমানের সঙ্গে এ সময় জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বিশিষ্ট শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ এবং আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।